সংবাদদাতা, শান্তিনিকেতন: ফের বোলপুর শহরের ব্যস্ততম এলাকায় মহিলার সাইকেল থেকে ব্যাগ ছিনতাই হল। ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আতঙ্কে ভুগছেন শহরের পড়ুয়া থেকে শুরু করে বাসিন্দারা। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরে বোলপুরের সুরশ্রীপল্লির বাসিন্দা দুর্গা মির্ধা রেল ময়দান থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। চৌরাস্তা সংলগ্ন এলাকা অত্যন্ত ব্যস্ত ও জনবহুল। রেল ময়দান দুর্গা মন্দির পেরিয়ে আসার সময় পিছনের দিক থেকে বাইক নিয়ে এসা এক যুবক আচমকা তাঁর সাইকেলের বাস্কেট থেকে ব্যাগ তুলে নিয়ে চলে যায়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান তিনি। সাইকেল ফেলে মোটরবাইক আরোহী যুবককে ধরার জন্য চিৎকার করতে করতে দৌড়ে যান। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই মিশন কমপাউন্ড এলাকা দিয়ে জোরে বাইক চালিয়ে পালিয়ে যায় ওই যুবক। জানা গিয়েছে, তাঁর ব্যাগে মোবাইল ফোন ছাড়াও সামান্য কিছু টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। এলাকায় থাকা একটি সিসি ক্যামেরা ছিনতাইয়ের ফুটেজ পাওয়া গিয়েছে। বিষয়টি জানিয়ে শুক্রবার বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন দুর্গাদেবী। পুলিস সেই ফুটেজ খতিয়ে দেখে ছিনতাইকারীকে চিহ্নিত করার চেষ্টা করছে।
Advertisement
তবে এই ঘটনা প্রথম নয়। বোলপুর ও শান্তিনিকেতন থানা এলাকার একাধিক জায়গায় এভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে। অধিকাংশ ক্ষেত্রেই ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পারছে না পুলিস। সেকারণেই দিনের পর দিন আরও বেপরোয়া হয়ে উঠছে দুষ্কৃতীরা। ব্যস্ত জনবহুল রাস্তায় দিনের বেলাতেই সকলের সামনে ছিনতাই হওয়ায় নিরাপত্তা দিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। স্কুল-কলেজের পড়ুয়া সহ বাড়ির মহিলা ও বয়স্করা অধিকাংশ ক্ষেত্রেই সাইকেল ব্যবহার করে থাকেন। মূলত তাঁদেরকেই টার্গেট করছে ছিনতাইকারীরা। কখনও একটি বাইকে দল বেঁধে এই অপরাধ করছে তারা। আবার কখনও একাই ছিনতাই করে তীব্র বেগে পালিয়ে যাচ্ছে। বোলপুরের বাসিন্দারা তাই অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন। শহরের এক বাসিন্দা বলেন, পুলিস দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করুক।



