সংবাদদাতা, বোলপুর: বাড়িতে কেউ না থাকার সুযোগে বড়সড় চুরির ঘটনা ঘটল বোলপুরে। আলমারি ভেঙে নগদ ৭০ হাজার টাকা সহ সোনা-রুপোর মূল্যবান গয়না চুরি করে চম্পট দিল চোরের দল। ঘটনাটি ঘটেছে বোলপুর থানার ৮ নম্বর ওয়ার্ডের স্কুলবাগান এলাকায়। গৃহকর্তা সমরনাথ ঘোষের দাবি, গয়না ও টাকা মিলিয়ে মোট ১০ লক্ষ টাকার মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। ঘটনার খবর পেয়েই বোলপুর থানার পুলিস তদন্ত শুরু করেছে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক সমরনাথ ঘোষ মঙ্গলবার সপরিবারে পিকনিক করতে পশ্চিম বর্ধমানের পানাগড়ে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সারারাত সেখানেই তাঁরা ছিলেন। এরপর বুধবার সকালে পরিবারের অন্য সদস্য মারফত চুরির বিষয়টি জানতে পারেন। তড়িঘড়ি বাড়ি ফিরে এসে ঘরের লণ্ডভণ্ড অবস্থা দেখে তাঁরা কার্যত হতবাক হয়ে যান। বোলপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিস ছুটে আসে। সমরবাবুর ছেলে অর্ঘ্য ঘোষ বলেন, ‘মঙ্গলবার স্ত্রী ও মা-বাবাকে নিয়ে আত্মীয়ের বাড়িতে পিকনিকে গিয়েছিলাম। এরপর এদিন সকালে ছোট ভাই চুরির বিষয়টি জানতে পেরে আমাদের জানান। আমরা ফিরে এসে দেখি ঘরের দরজা, আলমারির লকার ভেঙে সর্বস্ব লুট করে নিয়েছে চোরের দল। আলমারিতে নয় ভরি সোনা ও দশ ভরি রুপোর গয়না সহ নগদ ৭০ হাজার টাকা রাখা ছিল। এছাড়া বাড়িতে থাকা কাঁসার বাসন, ব্যাঙ্কের নথি সহ অন্যান্য মূল্যবান সামগ্রীর প্রায়ই সবকিছু নিয়েই চম্পট দিয়েছে চোরের দল। বোলপুর থানায় অভিযোগ জানিয়েছি। কিন্তু, স্কুলবাগানের মত সুরক্ষিত ও শান্তিপ্রিয় এলাকাতে এই ধরনের ঘটনায় আমরা কার্যত হতবাক। পুলিসের প্রতি আস্থা আছে। আশা করি, অভিযুক্তরা দ্রুত ধরা পড়বে।’ এই ঘটনায় বোলপুর থানার এক আধিকারিক বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



