সংবাদদাতা, বোলপুর: ২১ কেজি গাঁজা সহ এক টোটোচালককে গ্রেপ্তার করল বোলপুর থানার পুলিস। সোমবার রাতে বোলপুরের রজতপুর লাগোয়া ঘেরোপাড়ায় ওই গাঁজা উদ্ধার হয়। ধৃত রজত সাউয়ের বাড়ি বোলপুরের হাটতলায়। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, ওই ব্যক্তি টোটো চালানোর পাশাপাশি মাদকপাচারে যুক্ত। তবে মাদক পাচারে টোটোচালকের যোগে পুলিস উদ্বিগ্ন। বোলপুর শহরে টোটোর সংখ্যা প্রায় ১০ হাজার। বিভিন্ন নির্বাচন ও গুরুত্বপূর্ণ সময়ে চারচাকা বা অন্য গাড়ি নাকা চেকিংয়ের আওতায় আসে। কিন্তু টোটোর ক্ষেত্রে সেভাবে তল্লাশি দেখা যায় না। সেই সুযোগেই কি টোটোচালকদের একাংশ বেআইনি কারবারে জড়িয়ে পড়ছে? তা জানতে তদন্ত করছে পুলিস।
Advertisement
সম্প্রতি নানা জায়গায় হানা দিয়ে প্রায় সাড়ে সাত কুইন্টাল গাঁজা উদ্ধার করেছে বোলপুর থানার পুলিস। গত বছর আগস্ট মাসে পুলিস শববাহী গাড়ি থেকে ১৯৫কেজি গাঁজা উদ্ধার করেছিল। পুলিস জানিয়েছে, সোমবার রাতে ঘেরোপাড়ায় অভিযুক্তের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা থানায় খবর দেন। আইসি লিটন হালদারের নেতৃত্বে পুলিস ওই টোটোচালককে ঘিরে ধরতেই তার কাছ থেকে গাঁজা উদ্ধার হয়। যার বাজারমূল্য তিন লক্ষ টাকার বেশি। থানার এক আধিকারিক জানান, যে এলাকা থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘেরোপাড়ার ভৌগোলিক অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, সেখান থেকে এক কিলোমিটারের মধ্যে রয়েছে অজয় নদের অবনসেতু। যা বীরভূম ও পূর্ব বর্ধমানকে সংযুক্ত করেছে। ফলে ভিনজেলা থেকে খুব সহজেই মাদক আনা যায়। বাইরে থেকে গাঁজা এনে বীরভূমের নানা প্রান্তে চালান করাই ওই টোটোচালকের উদ্দেশ্য ছিল। কিন্তু তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পাচারে আরও টোটোচালক যুক্ত কিনা-তা পুলিসকে ভাবিয়ে তুলেছে। কারণ শহরে রোজ হাজার হাজার টোটো চলাচল করে।



