সংবাদদাতা, বোলপুর: বোলপুরে বহুতল আবাসনে আগুন লাগার ঘটনায় আরও একজনের মৃত্যু হল। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। গত ১০ ফেব্রুয়ারি শ্রীনিকেতন রোডের বাঁধগোড়া মোড়ে ওই পাঁচতলা আবাসনে অগ্নিকাণ্ড ঘটে। শর্ট সার্কিট থেকে ওই আগুন লাগে বলে পুলিস প্রাথমিক তদন্তে জানতে পারে। ওই আগুনে ঝলসে ঘটনাস্থলে সেদিনই মারা যান আবাসনের বাসিন্দা বৃদ্ধ দম্পতি স্বপনকুমার নন্দী ও অঞ্জু নন্দী। বাকি জখমরা বোলপুর ও দুর্গাপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার রাতে জমির মালিক অরুণ দাসের মৃত্যু হল। ঘটনার দিন আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তিনি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার সকালে তাঁর পরিবারের কাছে মৃত্যুর খবর আসে। সতীপীঠ কঙ্কালীতলায় তাঁর শেষকৃত্য হয়। অরুণবাবুর স্ত্রী শিখা দাস বলেন, আমাদের পরিবার শেষ হয়ে গেল।



