Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি

বোলপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: আত্মীয়র বিয়েতে গিয়েছিলেন পরিবারের সকলে। ফাঁকা বাড়ি পাহারার জন্য রাতে প্রতিবেশী যুবককে থাকতে বলেছিলেন। সেই সুযোগেই ওই যুবককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কালিকাপুরে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে। সেই খবর পেয়ে এদিন সকালে ফিরে আসেন বাড়ির মালিক চঞ্চল মণ্ডল। তারপরেই খবর দেওয়া হয় বোলপুর থানার পুলিসকে। তারা এসে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি প্রতিবেশী ওই যুবককে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কালিকাপুরের বাসিন্দা সরকারি কর্মচারী চঞ্চল মণ্ডল আত্মীয়ের বিয়েতে যোগ দিতে মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমানের শিমুলিয়া গ্রামে গিয়েছিলেন। বুধবারই তাঁদের ফিরে আসার কথা ছিল। সেই কারণে রাতে বাড়ি ফাঁকা না রেখে প্রতিবেশী এক যুবককে থাকতে বলেন। আগেও বেশ কয়েকবার চঞ্চলবাবুর বাড়িতে কেউ না থাকায় ঘর আগলেছেন ওই প্রতিবেশী। বুধবার সকালে বাড়ি ফিরে এসে তিনি দেখতে পান, তাঁদের গয়না ও টাকা উধাও হয়ে গিয়েছে। ওই প্রতিবেশী যুবকের দাবি, বুধবার গভীর রাতে তালা ভেঙে ছ’-সাতজনের সশস্ত্র দুষ্কৃতী ঘরে ঢোকে। তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ঘরের ভিতরের দরজা ও আলমারি ভেঙে লুটপাট চালায়। চঞ্চলবাবুর থেকে জানা গিয়েছে, ঘর রং করার জন্য নগদ ৮০ হাজার টাকা আলমারিতে রাখা ছিল। তা খোয়া গিয়েছে, সেইসঙ্গে লক্ষাধিক টাকার সোনার গয়না পাওয়া যাচ্ছে না। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। চঞ্চলবাবু বলেন, এমন ঘটনা ঘটবে তা বুঝতে পারিনি। খুবই আতঙ্কের মধ্যে রয়েছে পরিবারের সদস্যরা। পুলিস তদন্ত করলে সমস্ত কিছুই সামনে আসবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ