Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরে আবাসনে আগুন, ঝলসে বৃদ্ধ দম্পতির মৃত্যু

বোলপুরে আবাসনে আগুন, ঝলসে বৃদ্ধ দম্পতির মৃত্যু
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: সোমবার সন্ধ্যায় বোলপুরে বহুতল আবাসনে আগুন লেগে বৃদ্ধ দম্পতির মর্মান্তিক মৃত্যু হল। আরও ১০জন জখম হয়েছেন। শ্রীনিকেতন রোডের বাঁধগোড়া মোড়ে ওই আবাসনে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে পুলিসের প্রাথমিক অনুমান। আগুনে ঝলসে গিয়ে ওই দম্পতির মৃত্যু হয়েছে। মৃতদের নাম স্বপন নন্দী ও অঞ্জু নন্দী। তাঁরা ছেলের সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। তবে ঘটনার সময় বৃদ্ধ দম্পতি ছাড়া ওই ঘরে আর কেউ ছিলেন না। আগুন লাগার খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আবাসনের অন্যান্য বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কে ছড়ায়। আতঙ্কে হুড়োহুড়িতে জখমদের বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন বোলপুরের অতিরিক্ত পুলিস সুপার রানা মুখোপাধ্যায় ও এসডিপিও রিকি আগরওয়াল। আতঙ্কিত আবাসনের বাসিন্দাদের দ্রুত উদ্ধার করেন পুলিস ও স্থানীয় বাসিন্দারা। দমকলের তৎপরতায় আবাসনের অন্য জায়গায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণ করা গিয়েছে। যদিও ল্যাডারের পরিবর্তে দমকল বাহিনী মই ব্যবহার করে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আবাসনের নীচে থাকা বিদ্যুতের মিটারবক্সে আগুন লাগে। বিকট জোরে আওয়াজ হয়। তারপরই কালো ধোঁয়ায় ভরে যায় গোটা আবাসন। অন্ধকার ও কালো ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। নীচে নামার জন্য হুড়োহুড়ি শুরু হয়। তিনতলায় ওই বৃদ্ধ দম্পতির ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরতে থাকে। ভিতর থেকে দরজা লাগানো থাকায় তাঁরা বেরতে পারেননি বলে অনুমান করা হচ্ছে। পুলিস ও দমকল এসে তাঁদের ঝলসে যাওয়া অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ