Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলপাহাড়ীতে বাস না পেয়ে সমস্যায় মাধ্যমিক পরীক্ষার্থীরা

বেলপাহাড়ীতে বাস না পেয়ে সমস্যায় মাধ্যমিক পরীক্ষার্থীরা
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বেলপাহাড়ী রুটে বাস মিলছে না। সমস্যায় পড়ছে পরীক্ষার্থীরা। মঙ্গলবার ছিল ভূগোল পরীক্ষা। বিদরী, বাঁশপাহাড়ী, কাসমার সহ বেশ কয়েকটি গ্ৰামের ৬ পরীক্ষার্থী বাস না পেয়ে সমস্যায় পড়ে। অগত্যা বাঁশপাহাড়ী ফাঁড়ির পুলিস নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়।
Advertisement
ঝাড়গ্রাম-বেলপাহাড়ী রুটে যানবাহন চলাচল কম। পুরুলিয়া থেকে ঝাড়গ্রামগামী কিছু বাস চলাচল করে। মাধ্যমিক পরীক্ষার সময়ে বাড়তি বাস চালানোর কথা বলা হয়েছিল। কিন্তু সেই ব্যবস্থা হয়নি। পুরুলিয়া-ঝাড়গ্রামগামী বাসে পরীক্ষার্থীদের এদিন যাওয়ার কথা ছিল। সেইমতো বাঁশপাহাড়ী মোড়ে ৫ জন ও চাকাডোবা মোড়ে একজন পরীক্ষার্থী দাঁড়িয়েছিল। সকাল আটটা থেকে ন’টা পর্যন্ত অপেক্ষা করেও কোনও যানবাহন না পেয়ে সমস্যায় পড়ে তারা। স্কুলের শিক্ষক ও পরিবারের সদস্যদের বাস না পাওয়ার কথা জানায়। শিক্ষকরা বিষয়টি স্থানীয় ব্লক প্রশাসনকে জানান। ব্লক প্রশাসন বাঁশপাহাড়ী ফাঁড়ির পুলিসকে পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়। মাধ্যমিকের দ্বিতীয় পত্র ও অঙ্ক পরীক্ষার দিনও  পরীক্ষার্থীরা বাস বা অন্য যানবাহন না পেয়ে সমস্যায় পড়েছিল। মাধ্যমিক পরীক্ষার্থী অঞ্জলি মাহাতর মা মুক্তারানি মাহাত বলেন, মেয়ে সকাল সকাল বাড়ি থেকে বের হয়েছিল। দীর্ঘক্ষণ বাস স্টপেজে দাঁড়িয়েও বাস না পাওয়ায় বাড়িতে ফোন করে জানায়। প্রশাসনকে জানানার পর পুলিস গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। আমাদের এলাকায় বাস ও অন্য যানবাহন কম চলাচল করে। পরীক্ষার সময়ে বাড়তি বাস চালানোর কথা বলা হয়েছিল। কিন্তু সেরকম ব্যবস্থা চোখে পড়েনি। পরীক্ষার উদ্বেয় তো রয়েছেই, তারসঙ্গে বাস না পাওয়া নিয়েও ছেলেমেয়েদের উদ্বেগে পড়তে হচ্ছে। ঝাড়গ্রাম জেলা বাস পরিবহণ তৃণমূল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হরিশঙ্কর মাহাত বলেন, পুরুলিয়া থেকে বাসটি এদিন সময়মতো বের হয়েছিল। মানবাজার ঢোকার আগে সেটি খারাপ হয়ে যায়। বাঁশপাহাড়ী ফাঁড়ির ওসি শুভেন্দু রানা বলেন, পরীক্ষার্থীরা দীর্ঘক্ষণ কোনও যানবাহন না পেয়ে সমস্যায় পড়েছিল। তাদের গাড়িতে করে নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ