নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বেলপাহাড়ী থানার পুলিস গাঁজা পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। শনিবার মাঝরাতে খবর পেয়ে পুলিস সান্দাপাড়া গ্ৰাম পঞ্চায়েতের মুরারি কালভার্ট এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তার করে। ধৃত ধনঞ্জয় পালের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে। রিঙ্কু দাস মণ্ডল ও পরীক্ষিতের বাড়ি বাঁকুড়া জেলার রাইপুর ও বারিকুল থানা এলাকায়। রবিবার ধৃত তিনজনকে ঝাড়গ্রাম সিজেএম তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, তাদের কাছ থেকে ১৫ কেজি ৬২০ গ্ৰাম গাঁজা উদ্ধার হয়েছে।



