নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বেলপাহাড়ী এসসি হাইস্কুলে সাঁওতালি ছাত্রীদের জন্য ছাত্রীনিবাস তৈরির কাজ শুরু হল। সাংসদ তহবিল থেকে ৫০লক্ষ টাকা দেওয়া হয়েছে। ছাত্রীনিবাসে ৪৫জন ছাত্রী থাকতে পারবে। শনিবার সাংসদ কালীপদ সরেন ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বেলপাহাড়ী এসসি হাইস্কুলে মূলত আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনা করে। স্কুলে এতদিন ছাত্রদের হস্টেল থাকলেও ছাত্রীদের থাকার জায়গা ছিল না। যার জেরে পুরুলিয়া ও বাঁকুড়া থেকে আসা স্কুলের ছাত্রীদের সমস্যায় পড়তে হতো। ছাত্রীনিবাস হলে দূরের ছাত্রীরা স্কুলে থেকে পড়াশোনা করতে পারবে। স্কুলের প্রধান শিক্ষক সোমনাথ দ্বিবেদী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৩ সালে সাঁওতালি মাধ্যমে পঠনপাঠন চালু হয়। এতদিন মেয়েদের জন্য কোনও ছাত্রীনিবাস ছিল না। সাংসদ তহবিল থেকে ছাত্রীনিবাস তৈরির জন্য ৫০লক্ষ টাকা দেওয়া হয়েছে। আজ ভিত্তিপ্রস্তর স্থাপন হল।



