নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাবা ছিলেন পুলিশকর্মী। অবসরের পর তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু বাবার নাম ভাঙিয়ে দাপট বজায় রেখেছে ছেলে। অভিযোগ, প্রায়ই বাড়ি লাগোয়া বাগানবাড়িতে মদের আসর বসায় সে। সেই বাগানবাড়িতেই সোমবার সকালে পাওয়া গেল এক যুবকের দেহ। ঘটনাটি মধ্যমগ্রাম থানার হুমাইপুরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বুদ্ধদেব মণ্ডল (২৫)। তাঁর মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। নাক, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল যুবকের। পরিবারের আশঙ্কা, নেশার আসরে খুন করা হয়েছে বুদ্ধদেবকে। ঘটনাস্থলে মদের আসরের বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। বাগানবাড়ি সিল করা হয়েছে। মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের হয়েছে মধ্যমগ্রাম থানায়। প্রাক্তন পুলিশকর্মীর ছেলে আজাদ রহমান, তাঁর মা ও দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রাম হুমাইপুরের বাসিন্দা মতিয়ার রহমান রাজ্য পুলিশের কর্মী ছিলেন। তিনি মধ্যমগ্রাম থানা থেকে অবসর নেন। সম্প্রতি মারা গিয়েছেন। বাড়িতে থাকতেন তাঁর স্ত্রী ও ছেলে আজাদ। অভিযোগ, প্রতিদিনই সন্ধ্যার পরে আজাদ রহমান বাড়িতে মদের আসর বসায় বন্ধুদের নিয়ে। আজাদের পুরনো বন্ধু বুদ্ধদেব। তিনি গাড়ির খালাসির কাজ করতেন। আসরে প্রায় আসতেন বুদ্ধদেব। বাড়িতে মদের আসর চলা নিয়ে মধ্যমগ্রাম থানায় অভিযোগও জমা দেন স্থানীয়রা। তাঁদের ক্ষোভ, পুলিশ ব্যবস্থা নেয়নি।



