সংবাদদাতা, কাকদ্বীপ: বাড়ির ভিতর থেকে মা ও নাবালক ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কুলপি ব্লকের ঢোলাহাট থানার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায়। মৃতরা হলেন মনোয়ারা বিবি (৩৬) ও তাঁর ছেলে আনোয়ার হালদার (৭)। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতা মনোয়ারার পরিবার ঢোলাহাট থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা বাড়ির ভিতরে মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা থানায় খবর দেন। পরে ঢোলাহাট থানার পুলিশ এসে মৃতদেহ দু’টি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মোরসেলিম হালদার বলেন, ‘শুনেছি প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল হতো। তবে রাতে প্রবল বৃষ্টি হওয়ায় কোনও আওয়াজ কানে আসেনি। ঠিক কী হয়েছিল, বুঝতে পরিনি। সকালে আমরা মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে পুলিশ আসে।’
মনোয়ারার দাদা মুজিবর পাইক বলেন, ‘বোনের কাছে নগদ দেড় লক্ষ টাকা ছিল। এছাড়াও ছিল কিছু সোনার গয়না। ভগ্নিপতি প্রায় সময়েই ওই টাকা চাইত। কিন্তু নিজের সঞ্চয় করা টাকা কাউকে দিতে চাইত না বোন। ওই টাকা ও গয়না হাতানোর জন্য তাঁর স্বামী ফিরোজ ও তার পরিবারের লোকজন বোন ও তাঁর ছেলেকে খুন করেছে। এই বিষয়ে থানায় ছ’জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।’
সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, ‘এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল মানিকজান বেওয়া ও আসমা বিবি। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।’