


সংবাদদাতা, কল্যাণী: ভোটের প্রচারে ব্যস্ততার মাঝেও মানবিকতার নজির গড়লেন নদীয়ার কল্যাণী বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সবুজ দাস। শনিবার সন্ধ্যায় এক মুমুর্ষু রোগীর জন্য জরুরি ভিত্তিতে ‘ও-নেগেটিভ’ রক্তের প্রয়োজন হয়। রোগীর পরিজনরা রক্তের সন্ধানে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছিলেন। এই খবর পৌঁছায় প্রার্থী সবুজ দাসের কানে। তিনি তখন ব্যস্ত ছিলেন ভোটের প্রচারে। খবর পেয়ে এক মুহূর্ত দেরি না করে প্রচার কর্মসূচি ছেড়ে তিনি ছুটে যান জেএনএম হাসপাতালের ব্লাড ব্যাংকে। সেখানে গিয়ে নিজেই এক ইউনিট ‘ও-নেগেটিভ’ রক্তদান করেন।
রক্তদানের পর ফের তিনি ফিরে যান প্রচারাভিযানে। লালঝান্ডার প্রার্থী সবুজ দাস বলেন, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। আমি সারা বছরই রক্তদানের সঙ্গে যুক্ত থাকি। আমার রক্তের গ্রুপ ‘ও-নেগেটিভ’ হওয়ায় সরাসরি ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিয়ে এসেছি। সময়মতো রক্ত পেয়ে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোগীর পরিবারের সদস্যরা। এই ঘটনায় প্রার্থীর মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে। কল্যাণী বিধানসভা এলাকায় রবিবাসরীয় ভোটের প্রচার জোরকদমে করেছেন প্রার্থীরা। বিজেপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে না পারলেও সিপিএম ও তৃণমূলের প্রার্থীরা জোরদার প্রচার করছেন। কল্যাণী ব্লকের মুরাতিপুর এবং শিমুরালি এলাকায় স্বাস্থ্য শিবিরে অংশ নিয়ে এদিন রোগী দেখেন তৃণমূলের প্রার্থী ডাঃ অতীন্দ্রনাথ মণ্ডল। সিপিএম প্রার্থী সবুজ দাস কল্যাণী শহর ও ব্লকের কয়েকটি জায়গায় প্রচার করেন।