ধৃতের বাড়িতে উদ্ধার রক্ত ও কাদামাখা প্যান্ট-গেঞ্জি!
  • ২৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রক্ত ও কাদামাখা ফুলপ্যান্ট এবং গেঞ্জি উদ্ধার। বাড়ির শৌচাগারের পাশে রাখা ছিল পোশাক দু’টি। একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে অভিযুক্ত প্রহ্লাদ দাসকে গ্রেপ্তারের পর রবিবার সকালে তার বাড়িতে তল্লাশি চালানোর সময় ওই পোশাক উদ্ধার করেছে পুলিশ। এই সূত্রকে এখন বিশেষ গুরুত্ব দিচ্ছেন তদন্তকারীরা। কীভাবে অভিযুক্তের হদিশ পেল পুলিশ? 

Advertisement

সূত্রের খবর, নির্যাতিতার বান্ধবীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভোরে অভিযুক্তের বাড়িতে পৌঁছে যায় গাইঘাটা থানার পুলিশ। কার্যত ঘুমন্ত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। গোটা অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বনগাঁ জেলা পুলিশের তদন্ত প্রক্রিয়া। পুলিশের একটি সূত্রের খবর, ওই স্কুলছাত্রী এক বান্ধবীর সঙ্গে অনুষ্ঠান দেখতে গিয়েছিল। তদন্তে সেই তথ্য সামনে আসার পর ওই বান্ধবীর বাড়িতে যান তদন্তকারীরা। তাঁকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকেই নাম পাওয়া যায় প্রহ্লাদের। এরপর দ্রুত তার বাড়িতে হানা দেয় পুলিশ। তখন ঘুমিয়ে ছিল সে। প্রহ্লাদকে ঘুম থেকে তুলে গ্রেপ্তার করে সটান নিয়ে আসা হয় থানায়। এরপর অভিযুক্তকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। বাড়ির শৌচাগারের পাশে রাখা ফুলপ্যান্ট ও গেঞ্জিতে রক্ত এবং কাদার দাগ দেখতে পান তদন্তকারীরা। পোশাক দু’টি উদ্ধার করা হয়। ওই পোশাকে লাগা রক্ত বা কাদার সঙ্গে এই অপরাধের যোগ রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। সূত্রের আরও দাবি, অন্যদিন রাত ১০টার মধ্যে বাড়িতে ঢুকে যায় পেশায় সেলুন ব্যবসায়ী প্রহ্লাদ। কিন্তু রবিবার রাত আড়াইটে নাগাদ সে বাড়ি ফিরেছিল। সে বাড়ি ফিরে স্নান করে ঘুমিয়ে পড়েছিল বলে পুলিশ সূত্রে দাবি।
রামচন্দ্রপুরের ভাদুরিয়া খালের ধারে পাশাপাশি নির্যাতিতা ও অভিযুক্তের বাড়ি। স্থানীয়দের একাংশের দাবি, সন্ধ্যার পর এলাকাটি নির্জন হয়ে যায়। রাত বাড়লে খালের ধারে লোকজনের আনাগোনা থাকে না। সেই খালের ধারেই অপরাধ ঘটেছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের আরও দাবি, মৃতার পরিচয় আড়াল করতে মাথা ও মুখের একাধিক অংশে ইট বা ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে। এনিয়ে বনগাঁ পুলিশ জেলার সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত বলেন, গোটা বিষয়টি তদন্তের অধীনে রয়েছে। কোনো বিশেষ মন্তব্য করব না।  ছাত্রীকে ধর্ষণ-খুনে ধৃত প্রহ্লাদ দাস। -নিজস্ব চিত্র