Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইনিউমারেশন ফর্ম আপলোডে বিএলওদের সাহায্যে ব্লক প্রশাসন

এসআইআর ফর্ম ডিজিটাইজেশনের কাজে বিএলওদের সাহায্য করার জন্য ব্লক প্রশাসনের কর্মীদেরও নামাতে চলেছে পুরুলিয়া জেলা প্রশাসন ও নির্বাচন দপ্তর।

ইনিউমারেশন ফর্ম আপলোডে বিএলওদের সাহায্যে ব্লক প্রশাসন
  • ১৯ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: এসআইআর ফর্ম ডিজিটাইজেশনের কাজে বিএলওদের সাহায্য করার জন্য ব্লক প্রশাসনের কর্মীদেরও নামাতে চলেছে পুরুলিয়া জেলা প্রশাসন ও নির্বাচন দপ্তর। জেলাজুড়ে ফর্ম পূরণের পর যাতে কোনও মতেই ডাটা এন্ট্রির জন্য সমস্যা না হয়, তার জন্যই এই উদ্যোগ বলে জেলা  প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে পুরুলিয়া জেলায় মঙ্গলবার পর্যন্ত প্রায় ১৫ শতাংশ ফর্ম জমা ও ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। 

Advertisement

এ বিষয়ে পুরুলিয়ার জেলাশাসক কোন্থাম সুধীর বলেন, জেলাজুড়ে ফর্ম জমা দেওয়া এবং ডিজিটাইজেশনের কাজে তেমন কোনও সমস্যা হয়নি। বিএলওরা জেলাতে খুবই ভালো কাজ করছেন। এখনও পর্যন্ত প্রায় ১৫ শতাংশ ফর্ম জমা নেওয়ার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বলে জানান জেলাশাসক। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার তিন-চারটে ব্লকে ফর্ম জমা এবং ডাটা এন্ট্রির কাজ সামান্য ধীরগতিতে চলছে। সেদিকে নজর রেখেছে জেলা নির্বাচন দপ্তর। বিএলওদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেদিকে সর্তক দৃষ্টি রয়েছে প্রশাসনের। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ফর্ম বিলির কাজ নিয়ে তেমন কোনও সমস্যা হয়নি। খুবই কম সংখ্যক মানুষকে পাওয়া যায়নি। পুরুলিয়া জেলার আদিবাসী অধ্যুষিত এলাকা থেকে শুরু করে খেড়িয়া শবর জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে ফর্ম পূরণ সংক্রান্ত সমস্যা রয়েছে। তবে বিএলওদের সাহায্য করছেন বিএলএ ২। অনেক ক্ষেত্রে বিএলওরা নিজেরাও ওই ফর্ম পূরণ করে দিয়ে সাহায্য করছেন বলে জানা গিয়েছে। জেলা নির্বাচন দপ্তর ও প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, শুরুর দিকে ফর্মেরর ডাটা এন্ট্রির ক্ষেত্রে তেমন কোনও সমস্যা না হলেও শেষের দিকে একসঙ্গে অধিকাংশ ফর্ম জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। একসঙ্গে প্রচুর ফর্ম জমা হলে বিএলওদের পক্ষে সেই ডাটা এন্ট্রি করা সমস্যার। সেই কথা মাথায় রেখেই আগে থেকেই ফর্ম জমা নেওয়ার কাজ এগিয়ে রাখতে চাইছে বিএলও সহ জেলা নির্বাচন দপ্তর। সেক্ষেত্রে একসঙ্গে ডাটা এন্ট্রি করার কাজে বিএলওদের সাহায্য করার জন্য ব্লক প্রশাসনের কর্মীদের নামাতে চাইছে প্রশাসন। বিএলওরা নিজেরাই ফর্ম জমা নেওয়ার পর ওই ফর্ম ডিজিটাইজ করার কাজে বিএলওদের সাহায্য করবেন ব্লক প্রশাসনের কর্মীরা। ব্লক অফিসে ওই ফর্ম বিএলও নিয়ে আসার পর বিএলওর মোবাইল থেকেই তাঁর কথা শুনে ডাটা এন্ট্রির কাজে তাঁকে সাহায্য করবেন সরকারি কর্মীরা। যেসব জায়গায় ভোটার বেশি এবং বিএলওদের বিভিন্ন কারণে সমস্যা হবে, শুধুমাত্র সেই জায়গাগুলিতেই সাহায্য করার চেষ্টা করবে ব্লক প্রশাসন। তবে এখনও পর্যন্ত জেলাতে তেমন কোনও সমস্যা হয়নি। বিএলএদের সাহায্য নিয়ে বিএলওরা নিজেরা‌ই ওই কাজ ভালো ভাবে করছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ