নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাড়ি বাড়ি না গিয়ে তিস্তার বাঁধের উপর বসে এসআইআরের ইনিউমারেশনের ফর্ম বিলি। সেই বিএলওকে শোকজ করল প্রশাসন। জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন বলেন, ওই বিএলওকে শোকজ করা হয়েছে। তিনি কী উত্তর দেন, সেটা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বাড়ি বাড়ি গিয়ে নয়, জলপাইগুড়িতে তিস্তার বাঁধের উপর টেবিল চেয়ার পেতে বসে এসআইআরের ইনিউমারেশনের ফর্ম বিলির অভিযোগ ওঠে এক বিএলও’র বিরুদ্ধে। কৃষ্ণা রায় কুণ্ডু নামে ওই বিএলও’র অবশ্য সাফাই, ফর্ম ভর্তি ব্যাগ খুব ভারী। ওই ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি যেতে অসুবিধা হচ্ছে তাঁর। সেকারণে বাঁধের উপর এক জায়গায় বসে ফর্ম বিলি করছেন।



