Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বোল্লাকালী পুজোর মেলায় পকেটমার রুখতে বিশেষ দল

বোল্লাকালী পুজোর মেলায় পকেটমার রুখতে বিশেষ দল
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটের ঐতিহ্যবাহী বোল্লাকালী পুজো ও মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। সেই সুযোগে বাড়ে চুরি ও পকেটমারি। দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে এবার বিশেষ দল নামাচ্ছে জেলা পুলিস। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য থাকবে পর্যাপ্ত সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, ড্রোন সহ সবরকম সতর্কতামুলক ব্যবস্থা।
Advertisement
মঙ্গলবার বালুরঘাটের বোল্লা রক্ষাকালী মন্দিরের নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা খতিয়ে দেখেন জেলাশাসক বিজিন কৃষ্ণা ও পুলিস সুপার চিন্ময় মিত্তাল। এছাড়াও ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, পতিরাম থানার ওসি সৎকার সাংবো সহ অন্যরা। তাঁরা পুজো কমিটির সঙ্গে বৈঠক করে একাধিক পরামর্শ দিয়েছেন। ভক্তদের প্রবেশ ও বাইরে বেরনোর পথ সহ সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হয়। জেলাশাসক বলেন, ২২ নভেম্বর বোল্লা মেলা ও পুজো রয়েছে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিডিও ও এসডিও স্তরে পুজো কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে আজ দেখলাম। কিছু কাজ চলছে। সুষ্ঠুভাবে মেলা ও পুজো আয়োজন করতে প্রশাসন সবরকম ব্যবস্থা করবে।
পুলিস সুপার জানান, পুজো থেকে বিসর্জন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কঠোর থাকে। প্রত্যেকটি পয়েন্টে পুলিস, সিসি ক্যামেরা ও অন্যান্য ব্যবস্থা থাকবে। চুরি ও পকেটমারি রুখতে সাদা পোশাকের পুলিস যেমন থাকবে, স্পেশাল টিমও নামানো হবে। বয়স্ক ও অসুস্থদের জন্য টোটোর ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, ২২ নভেম্বর রাতে বোল্লা পুজো শুরু হয়ে চলবে তিনদিন। রাজ্যের বিভিন্ন প্রান্তসহ বাংলাদেশ, আসাম, ওড়িশা থেকেও ভক্তদের সমাগম হয়। জাতীয় সড়ক থেকে প্রায় দু’কিলোমিটার হেঁটে মন্দিরে প্রবেশ করার পথে থাকবে কড়া নিরাপত্তা। তবে পকেটমারদের উপদ্রব এই সময় বাড়তি চিন্তা আয়োজক ও প্রশাসনের। প্রতিবছর ভিনজেলার বহু পকেটমারকে ধরা হয়। সেজন্য এবার শুরু থেকেই সতর্ক পুলিস।
অন্যদিকে, বোল্লা মেলা উপলক্ষে সাতদিন অস্থায়ী স্টেশন করা হয়। সেই স্টেশনে ভক্তরা নামেন। এবারও মেলা কমিটির তরফে উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডিআরএমকে চিঠি দেওয়া হয়েছে অস্থায়ী স্টেশন তৈরির বিষয়ে পদক্ষেপ নিতে। পুজো কমিটির ম্যানেজার মানস রঞ্জন চৌধুরী বলেন, প্রশাসনের গাইডলাইন অনুযায়ী সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এবছর ‘আই লাভ মাই বোল্লা’ ফলক বসানো হবে।
সম্পর্কিত সংবাদ