সংবাদদাতা, পতিরাম: হাতে গোনা আর কয়েকদিন। শুক্রবার বোল্লা রক্ষাকালীর পুজো। মায়ের মূর্তির পাশাপাশি চলছে হাজার হাজার মানতের প্রতিমা তৈরি। বোল্লায় মাসখানেক ঘাঁটি গেড়ে দিনরাত এক করে কাজ করে চলেছেন কারিগররা। তবে, পুজো কমিটি নির্দেশ দিয়েছে সোয়া হাতের বেশি উচ্চতার প্রতিমা তৈরি করা যাবে না। কমিটির এক সদস্য স্বর্ণেন্দু মণ্ডল বলেন, প্রতিবছর মানতের বহু প্রতিমা জমা হয়। গতবছর থেকে সেই প্রতিমা বেশি আসছে। এবছরও প্রায় তিন হাজার প্রতিমা আসবে বলে আশা করছি। তাঁবু খাটিয়ে কাজ করতে করতে শহরনগ্রাম থেকে আসা প্রতিমা শিল্পী বিপন মালাকার বললেন, একমাস ধরে আমরা এখানে প্রতিমা তৈরি করছি। বাড়ি যাওয়ার সময় নেই। প্রায় আড়াইশো মূর্তির অর্ডার পেয়েছি। দম ফেলার সময় পাচ্ছি না। গঙ্গারামপুর থেকে আসা শিল্পী সুমন্ত পালের কথায়, হাতে আর সময় নেই। প্রায় দু’শো মূর্তি তৈরি করছি। প্রতিমা তৈরি করতে অনেকটাই সময় লাগে। তাই পুজোর আগে কাজ শেষ করা নিয়ে চিন্তা হচ্ছে। পাঁচজন মিলে কাজ করেও কূলকিনারা পাচ্ছি না। বোল্লা কালীপুজোর দিন এই ছোট মূর্তিগুলির পুজো হয়। ভক্তরা মূর্তির অর্ডার দিয়ে পুজোর দিন নির্দিষ্ট জায়গায় পুজো দেন। তার জন্য অনেক পুরোহিতও থাকেন। বোল্লা মায়ের মানতের মূর্তি তৈরি করায় পিছিয়ে নেই মহিলারাও। বোল্লা গ্রামের সুনীতা পাহান বলেন, প্রতিবছর প্রচুর মানুষ মূর্তি মানত করেন। সারা বছর তেমন কাজ না করলেও এই সময় প্রচুর চাপ থাকে। বাড়তি রোজগারও হয় আমাদের।



