সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটের ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী মাতার পুজো ২২ নভেম্বর। তার আগেই বোল্লা মাকে নিয়ে গান গাইলেন বাংলার খ্যাতনামা শিল্পী শুভমিতা বন্দোপাধ্যায়। বোল্লা মায়ের শ্যামা সঙ্গীতটি সুর করেছেন দেবজিৎ রায় এবং গানের কথা লিখেছেন শ্রীসুব্রত নাথ মুখোপাধ্যায়। এদিকে ওই মিউজিক কোম্পানির মালিক দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের শিক্ষক তথা শিল্পী শঙ্কর হালদার। ওই গানের পর শুভমিতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ঐতিহ্যবাহী বোল্লাকালীকে নিয়ে গান গাইলাম। জাগ্রত এই বোল্লা মা সকলের প্রার্থনা শোনেন। এই প্রথম বোল্লা মাকে নিয়ে গান তৈরি হয়েছে। আমরা চেষ্টা করেছি, মাকে আন্তরিকভাবে ডাকার। সবার প্রার্থনার সঙ্গে এই গানটি মিলবে বলে আশা রাখছি।



