Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বোল্লায় হচ্ছে অস্থায়ী স্টেশন, আট দিন দাঁড়াবে সমস্ত ট্রেন

বোল্লায় হচ্ছে অস্থায়ী স্টেশন, আট দিন দাঁড়াবে সমস্ত ট্রেন
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটের বোল্লাতে নেই স্টেশন। কিন্তু ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী মাতাকে শ্রদ্ধা জানাতে এগিয়ে এল রেলমন্ত্রক।  রেলমন্ত্রকের নির্দেশে বোল্লায় হচ্ছে অস্থায়ী রেলস্টেশন। সেখানে আট দিন ধরে দাঁড়াবে সমস্ত ট্রেন। ইতিমধ্যে বালুরঘাটের আপ- ডাউন সমস্ত ট্রেনকেই দাঁড়ানোর নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। ২০ নভেম্বর থেকে ২৭ নভেম্বর বোল্লা এলাকায় দু’মিনিটের জন্য সমস্ত ট্রেন দাঁড়াবে। নিরাপত্তা দিতে প্রস্তুতি নিয়েছে বালুরঘাট জিআরপি। বোল্লা মেলা পুজো কমিটি থেকেই আলো, শৌচালয় সহ নানা ব্যবস্থা করা হচ্ছে। 
Advertisement
রেল সূত্রে খবর, গত সপ্তাহে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার বালুরঘাট স্টেশন পরিদর্শন করতে এসেছিলেন। তিনি বোল্লা কালীপুজো উপলক্ষ্যে ট্রেন দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। রবিবার রাতে সেই অর্ডার চলে এসেছে। এবিষয়ে রেলের এক আধিকারিক বলেন, বোল্লাকালীর পুজো উপলক্ষ্যে ২০-২৭ নভেম্বর সমস্ত ট্রেন ওই এলাকায় দাঁড়াবে। বালুরঘাট জিআরপি থানার ওসি দিলীপ মাহাত বলেন, আমাদের তরফ থেকে  বোল্লা অস্থায়ী স্টেশনে নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। 
মেলা ও পুজো কমিটির এক সদস্য স্বর্ণেন্দু মণ্ডল বলেন, প্রতি বছর দূরদূরান্ত থেকে ট্রেনে করে বহু ভক্ত এখানে আসেন। তাই এবারও আমরা রেলের কাছে ট্রেন দাঁড়ানোর জন্য চিঠি দিয়েছিলাম। অর্ডার চলে এসেছে। আমাদের মেলা কমিটির তরফে সব ব্যবস্থা করা হচ্ছে, যাতে ভক্তদের সমস্যা না হয়। 
বালুরঘাটের ঐতিহ্যবাহী বোল্লা মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম। এই মেলাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। পুজোর তিন দিন তো বটেই, বিসর্জনের পর অনেকদিন ধরেই অনেক দোকান থাকে। এমনকী বহু মানুষ বিসর্জনের পরে এসেও পুজো দিয়ে যায়। মূলত বাস থেকে নেমে জাতীয় সড়ক থেকে মূল রাস্তা দিয়ে বোল্লা মন্দিরে ভক্তরা পৌঁছন। অন্যদিকে, গ্রামের রাস্তা খাসপুর, পতিরাম সহ বিভিন্ন রুট দিয়ে মানুষ আসে। প্রতিবছর এই সময় ট্রেন  ও বাসে পা রাখার জায়গা থাকে না। শুক্রবার থেকে মেলা শুরু হবে। তার আগেই দোকানপাট বসানো সহ নানা প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
সম্পর্কিত সংবাদ