Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলকাশের পঞ্চায়েত প্রধানকে মারধর, গ্রেপ্তার ১

বেলকাশের পঞ্চায়েত প্রধানকে মারধর, গ্রেপ্তার ১
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বেলকাশের পঞ্চায়েত প্রধানকে মারধর ও জনকল্যাণ পরিষেবা কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম শেখ খলিল ওরফে কলিল। বর্ধমান থানার শিবপুর দিঘিরপাড় এলাকায় তার বাড়ি। শনিবার বিকেলে শিবপুর দিঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সকাল ৯টা নাগাদ বেলকাশ পঞ্চায়েতের প্রধান রেজিনা বিবি শেখ নবাবহাটে জনকল্যাণ পরিষেবা কেন্দ্রে যান। সেখানে বসে থাকার সময় খলিল সহ কয়েকজন তাঁর উপর হামলা চালায়। তাঁকে মারধর করে। মারতে-মারতে জনকল্যাণ কেন্দ্রের অফিস থেকে তাঁকে বের করে দেয়। ফের সেখানে এলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় অভিযুক্তরা। অশান্তির আশঙ্কায় পঞ্চায়েত প্রধান কেন্দ্রের অফিস থেকে বেরিয়ে আসেন। ঘটনার দিনই থানায় অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান। অভিযোগে তিনি বেশ কয়েকজনের নাম জানিয়েছেন। যদিও ঘটনায় এপর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বর্ধমান আদালতে পেশ করা হলে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা এবং তদন্তে সব ধরনের সহযোগিতার শর্তে ধৃতের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
সম্পর্কিত সংবাদ