Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশের প্রকাশনা সংস্থা না এলেও বইমেলায় এবার বেড়েছে স্টল সংখ্যা

বাংলাদেশের প্রকাশনা সংস্থা না এলেও বইমেলায় এবার বেড়েছে স্টল সংখ্যা
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অশান্ত বাংলাদেশ। তাই এবার প্রতিবেশী দেশ থেকে এবার কোনও স্টল আসেনি শিলিগুড়ির বইমেলায়। তা হলেও গত বছরের তুলনায় এবার মেলায় স্টলের সংখ্যা বেড়েছে। শনিবার শহরের বাঘাযতীন পার্কে বইমেলার উদ্বোধনের পর একথা জানায় মেলা পরিচালন কমিটি। এদিন মেলার উদ্বোধন করেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। শুধু বই নয়, এবার মেলায় সেলফি জোন থেকে খাবার স্টল সবই রয়েছে।
Advertisement
রাজ্যের অন্যান্য প্রান্তের মতো শিলিগুড়িতেও সরকারি উদ্যোগে হচ্ছে বইমেলা। বিগত কয়েক বছর সংশ্লিষ্ট মেলা মহকুমার গ্রামীণ এলাকায় হয়েছে। এবার তা ফের শহরে অনুষ্ঠিত হচ্ছে। এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও শিলিগুড়ির মেয়র গৌতম দেব, সমাজসেবী পাপিয়া ঘোষ সহ প্রশাসনের আধিকারিকরা হাজির ছিলেন। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার গেট খোলা থাকবে। আজ, সোমবার সকালে মেলার মঞ্চে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে হবে বসে আঁক প্রতিযোগিতা। তাতে শতাধিক ছাত্রছাত্রী অংশ নেবে বলে খবর।
লোকাল লাইব্রেরি অথরিটির সদস্য তথা বইমেলা পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক দুলাল দত্ত বলেন, গত বছর মেলায় স্টলের সংখ্যা ছিল ৪৮টি। এবার বেড়ে দাঁড়িয়েছে ৬০টি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে স্টল এসেছে। দু’টি খাবারের স্টল, লিটিল ম্যাগাজিনের স্টল এবং একটি সেলফি জোন রয়েছে। প্রতিদিন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কবি ও সাহিত্যিকদের সাহিত্য আসর, বিশিষ্টজনদের নিয়ে আলোচনা সভা হবে। এবার মেলায় প্রবেশ অবাধ। টিকিট ছাড়াই সকলে প্রবেশ করতে পারবেন। এবার বাজেট ১০ লক্ষ টাকা। তবে এবার মেলায় বাংলাদেশের কোনও স্টল আসেনি।
সম্পর্কিত সংবাদ