Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশের অস্থিরতার কোনও আঁচ দেশের মাটিতে পড়তে দেব না: এসএসবি’র ডিজি

বাংলাদেশের অস্থিরতার কোনও আঁচ দেশের মাটিতে পড়তে দেব না: এসএসবি’র ডিজি
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানিডাঙা (শিলিগুড়ি): দেশের মাটিতে কোনওরকম আঁচ আসতে দেব না। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে বুধবার রানিডাঙায় এমন কড়া জবাব দিলেন এসএসবির ডিরেক্টর জেনারেল (ডিজি) অমৃতমোহন প্রসাদ। এদিন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরস্থল পরিদর্শন করেন। একইসঙ্গে তিনি জানান, শুধু চোরাচালানকারী নয়, জঙ্গিদেরও টার্গেট নেপাল ও ভুটান সীমান্ত। এর মোকাবিলায় তৎপর জওয়ানরা। 
Advertisement
অভ্যন্তরীণ অশান্তিতে উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। পদ্মাপারে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে। লাগাতার সেই দেশে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে মৌলবাদীরা। ইতিমধ্যে সেই দেশের কট্টরপন্থীদের কেউ কেউ কলকাতা দখলের হুমকি দিয়েছে। আবার কেউ বাংলা, বিহার, অসম দখল করার কথা জানিয়েছে। এমন প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রানিডাঙায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসএসবি’র ডিজি বলেন, রাষ্ট্রের সুরক্ষা প্রদান আমাদের দায়িত্ব। এ ব্যাপারে আমরা সর্বদা সজাগ রয়েছি। দেশের মাটিতে কোনওরকম আঁচ আসতে দেব না। 
‘চিকেন নেক’ শিলিগুড়ির পাশেই প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান ও বাংলাদেশ অবস্থিত। এখান থেকে চীনের দূরত্বও খুব বেশি নয়। যারমধ্যে নেপাল ও ভুটান সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসবি। সংশ্লিষ্ট দু’টি সীমান্তই উন্মুক্ত। প্রশাসন সূত্রের খবর, এসএসবির শিলিগুড়ি ফ্রন্টিয়ারের দায়িত্বে প্রায় ৫৪৬ কিমি দৈর্ঘ্য সীমান্ত রয়েছে। যারমধ্যে নেপাল সীমান্তের দৈর্ঘ্য ৩৩১ ও ভুটান সীমান্তের দৈর্ঘ্য ২১৫ কিমি। ইতিমধ্যে নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে বেশ কয়েকজন চীনা ও পাকিস্তানি নাগরিক, চোরাচালনকারীকে ধরে পুলিসের হাতে তুলে দিয়েছে এসএসবি। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটও সক্রিয়। 
সংশ্লিষ্ট দু’টি সীমান্তে জঙ্গি কার্যকলাপ নিয়ে এদিনের সভায় আশঙ্কা প্রকাশ করেন এসএসবি’র ডিজি। তিনি বলেন, শুধু চোরাচালনকারী নয়, সংশ্লিষ্ট দু’টি সীমান্ত আকৃষ্ট করে জঙ্গিদেরও। যারা বিদেশের মটিতে প্রশিক্ষণ নিয়েছে। অনেক বিদেশি নাগরিকও সংশ্লিষ্ট সীমান্তগুলি দিয়ে অবৈধভাবে এপারে প্রবেশের চেষ্টা করছে। যার মোকাবিলা করছে এসএসবি জওয়ানরা। তাছাড়া এলাকার উন্নয়ন, গ্রামবাসীদেরও বিভিন্ন রকমভাবে সহযোগিতা করা হচ্ছে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজি বলেন, প্রতিবেশী রাষ্ট্র নেপাল ও ভুটানের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। সেই বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেই সীমান্তে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তবে সংশ্লিষ্ট দুই সীমান্তে বেআইনি কার্যকলাপ হলেই তা দমন করা হবে। 
প্রসঙ্গত, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় সশস্ত্র সীমাবল (এসএসবি)। আগামী ২০ ডিসেম্বর তাদের ৬১তম প্রতিষ্ঠা দিবস শিলিগুড়ি ফ্রন্টিয়ারের সদর কার্যালয় রানিডাঙায় অনুষ্ঠিত হবে। তাতে শামিল হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এজন্য এদিন রানিডাঙায় ফ্রন্টিয়ারের কার্যালয় পরিদর্শন করেন ডিজি। এজন্য তিস্তা গ্রাউন্ডে কুচকাওয়াজ, ব্যান্ড, যোগাসন, বাইক বাহিনীর স্ট্যান্ট, নৃত্যু, ডগ স্কোয়াডের কাজকর্ম প্রভৃতি প্রদর্শিত হয়েছে। কর্মদক্ষতার জন্য বেশকিছু অফিসার ও জওয়ানকে এদিন পদক প্রদানও করেন ডিজি। পরে তিনি বলেন, এবার এসএসবি’র প্রতিষ্ঠা দিবস এখানে হচ্ছে। তাতে স্বরাষ্ট্রমন্ত্রী হাজির থাকবেন। সেজন্য জোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ