Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কোপ সীমান্ত বাণিজ্যে, আঘাত কর্মসংস্থানেও

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কোপ সীমান্ত বাণিজ্যে, আঘাত কর্মসংস্থানেও
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে সীমান্ত বাণিজ্যে ভাটা পড়েছে। গত ছ’মাস ধরে শিলিগুড়ির কাছে ভারত-বাংলাদেশ সীমান্তে ফুলবাড়ি বাণিজ্যপথ এলাকায় ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। আমদানি-রপ্তানির উপর নির্ভর করে বহু মানুষের রুজি-রোজগার হতো।  তাঁরা কার্যত আজ বেকার হয়ে পড়েছেন। 
Advertisement
এই বাণিজ্যপথ দিয়ে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ ট্রাক বাংলাদেশে যেত পণ্য নিয়ে। কিন্তু গত ছ’মাস ধরে ট্রাকের সেই ‘কনভয়’ বন্ধই বলা চলে। এতে বিপাকে পড়েছেন ট্রাক মালিক, ড্রাইভার ও তাঁদের সহকারীরা। শুধু তাঁরাই নন, আমদানি-রপ্তানির কাজে পরোক্ষভাবে নির্ভরশীল আরও অনেক মানুষ চরম সঙ্কটের মুখে।  এই বাণিজ্যপথকে কেন্দ্র করে গড়ে ওঠা ছোট খাবারের দোকান, ভাতের হোটেল সহ নানা ধরনের ব্যবসাতেও সঙ্কট দেখা দিয়েছে। পণ্য আমদানি রপ্তানির জন্য ট্রাক ভাড়া দিয়ে বহু মানুষ উপার্জনের পথ খুঁজে পেয়েছিল। কিন্তু গত ছ’মাস ধরে সেই উপার্জন কার্যত বন্ধ। সারি সারি খালি ট্রাক দাঁড়িয়ে আছে ফুলবাড়ি বাণিজ্যপথের আশপাশে ও পার্কিং জোনে। পণ্য রপ্তানি কমে যাওয়ায় ভুটানের কিছু ট্রাক চললেও ভারতীয় ট্রাকের ভাড়া নেই। যে ভাড়া মিলছে তা খুবই কম। ওই টাকায় ক্ষতি স্বীকার করে ট্রাক মালিকরা ট্রাক চালাতে চাইছেন না। 
আর এই পরিস্থিতির বহু বেকার যুবক যাঁরা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ট্রাক কিনেছিলেন তাঁরা ঋণের কিস্তি শোধ করতে পারছেন না। অনেকে দেনার দায়ে ট্রাক বিক্রি করে দিয়েছেন। কেউ আবার পেশা পরিবর্তন করেছেন। ফুলবাড়ি এক্সপোর্ট ইমপোর্ট ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শুভঙ্কর নস্কর বলেন, ছ’মাস ধরে আমাদের সঙ্কট চলছে। আগে ফুলবাড়ি থেকে বাংলাদেশে দিনে ২৫০ থেকে ৩০০টি ভারতীয়  ট্রাক পণ্য নিয়ে যেত। এখন সেখানে মাত্র ৩০টি ট্রাক যায়। তাও অনেক কম ভাড়ায়। 
বাংলাদেশ বারবার উত্তাল হয়ে উঠছে। আমদানি-রপ্তানিতে তার ভয়ঙ্কর প্রভাব পড়েছে। অনেকেই ব্যাঙ্কের লোনের টাকা শোধ করতে পারছেন না। অনেকে আবার ট্রাক বিক্রি করে অন্য পেশায় চলে গিয়েছেন। এভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানে আঘাত নেমে আসায় স্থানীয় আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা ওয়াকিবহাল মহলের। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের এক আধিকারিক বলেন, ফুলবাড়িতে বাণিজ্যপথে এভাবে কর্মসংস্থানে আঘাত চলতে থাকলে চুরি ছিনতাইয়ের ঘটনা বাড়ার আশঙ্কা অমূলক নয়। আমরা সবদিকে 
নজর রাখছি।
সম্পর্কিত সংবাদ