সংবাদদাতা, দিনহাটা: বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হতেই কলেজ যাওয়া বন্ধ হয় ওই দেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ির বাসিন্দা তরুণের। হাসিনা সরকারের পতন হয় ছাত্র আন্দোলনের জেরে। ৫ আগস্ট দেশ ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুদিনের মধ্যেই দায়িত্বে আসেন মহম্মদ ইউনুস। অন্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টার আমলে সংখ্যালঘুদের উপর অত্যাচার দিন দিন বাড়ছে। তার ব্যতিক্রম হচ্ছে না কুড়িগ্রামের ফুলবাড়ি এলাকাতেও। ওই এলাকাতে হিন্দুদের বাড়ি ভাঙচুর চলছে। একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সংখ্যালুদের দেশছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আগামী দিনে পরিস্থিতি ভয়ঙ্করের দিকে যাচ্ছে আঁচ করে দেশ ছাড়ার পরিকল্পনা নিয়েছিল সেই তরুণ। দেশ ছেড়ে ভারতে আসতেই তার ঠিকানা এখন কোচবিহার সংশোধনাগার।
Advertisement
ফুলবাড়ি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র তিনি। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন। বাড়িতে মা, বাবা ও ভাই রয়েছে। কৃষিকাজ করেই সংসার চলে। কয়েক বিঘা জমি আছে। তবে অনবরত হুমকির জেরে দেশত্যাগের পরিকল্পনা করেন। ১১ নভেম্বর গীতালদহের উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরিকল্পনা ছিল শিলিগুড়ি যাওয়া। সেখানে আত্মীয়ের বাড়িতে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবেন। পরবর্তীতে দেশে ফেরার কথা ভাববেন।



