নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: অত্যাচারিত হওয়ার আশঙ্কায় কোলের শিশুকে নিয়ে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে এপার বাংলায় অনুপ্রবেশ এক বধূর। মানবিকতার দৃষ্টিভঙ্গি নিয়ে শেষপর্যন্ত শুক্রবার বিজিবি’র সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে কালিয়াগঞ্জ-বাংলাদেশ সীমান্ত দিয়ে শিশু সহ সেই বধূকে বাংলাদেশে ফেরাল বিএসএফ। এদিন একটি লিখিত প্রেস বিবৃতি জারি করে বিএসএফ এই তথ্য জানিয়েছে। বিএসএফ জানিয়েছে, শুক্রবার কাকভোরে দু’বছর বয়সি এক শিশুকন্যাকে সঙ্গে নিয়ে কালিয়াগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকে পড়েন বাংলাদেশি গৃহবধূ। নির্দিষ্টভাবে এব্যাপারে খবর পেয়ে প্রাথমিকভাবে ওই বধূকে আটক করে বিএসএফ। তাঁকে রাখা হয় বিএসএফের মহিলা কনস্টেবলদের ক্যাম্পে। জিজ্ঞাসাবাদে বাংলাদেশি মহিলা জানান, আগস্ট মাস থেকে বাংলাদেশের ঘোরালো পরিস্থিতিতে অত্যাচারিত হওয়ার আশঙ্কা করছেন তিনি। তাই এপার বাংলায় বসবাসের পরিকল্পনা নিয়ে তাঁর অনুপ্রবেশের প্রয়াস। তাঁর কাছ থেকে বাংলাদেশি ১০ হাজার টাকাও উদ্ধার হয়। শেষপর্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গিতে ফ্ল্যাগ মিটিং করে এদিনই ৪২ নম্বর ব্যাটালিয়নের বিজিবি আধিকারিকদের হাতে মহিলা ও শিশুকে তুলে দেয় বিএসএফ।



