Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশে অত্যাচারের শিকার? হলদিবাড়িতে গ্রেপ্তার সাত অনুপ্রবেশকারী

বাংলাদেশে অত্যাচারের শিকার? হলদিবাড়িতে গ্রেপ্তার সাত অনুপ্রবেশকারী
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চোরাপথে সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার অভিযোগে ৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি পুলিস। তাদের সঙ্গে পাকড়াও করা হয়েছে  বর্তমানে শিলিগুড়ির ফুলবাড়ির বাসিন্দা একজনকে। সেও কিছুদিন আগে চোরাপথে এদেশে ঢোকে বলে অভিযোগ। এদিকে, ধৃত বাংলাদেশি সংখ্যালঘুদের দাবি, ওপারে অত্যাচারিত হয়েই তারা চোরাপথে এদেশে চলে আসে। পুলিস সূত্রে খবর, শুক্রবার রাতে একটি বাসে চেপে হলদিবাড়ি থেকে জলপাইগুড়িতে আসছিল ওই বাংলাদেশিরা। সেখান থেকেই তাদের পাকড়াও করে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিস। জেলা পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, সাতজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিস।
Advertisement
পুলিস সূত্রে খবর, ধৃত বাংলাদেশিদের মধ্যে ছ’জন প্রাপ্তবয়স্ক। তাদের নাম ভৈরব সেন, চন্দনা রানি, নিখিলচন্দ্র সেন, বিপুল রায়, দেবুবাবু রায় ও গণেশ রায়। এদের প্রথম পাঁচজনের বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলায়। গণেশ বাংলাদেশি হলেও এপারে এসে এনজেপি থানার ফুলবাড়ি এলাকায় ঘাঁটি গেড়েছিল। সেও চোরাপথে এদেশে আসে। শুক্রবার বাকিদের আনতে হলদিবাড়িতে যায় গণেশ। দলটির সঙ্গেই বাসে ফিরছিল। প্রথমে তার বাড়িতেই ওঠার কথা ছিল সবার।
এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে প্রশ্নের উত্তরে ধৃতদের দাবি, বাংলাদেশে আমাদের উপর অত্যাচার হচ্ছিল। সেকারণেই সীমান্ত পেরিয়ে এপারে চলে আসি।
সম্পর্কিত সংবাদ