Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশে অস্থিরতা, এবার গজলডোবায় এলেন না রাজশাহীর শিউলি আব্দুল রহিম

বাংলাদেশে অস্থিরতা, এবার গজলডোবায় এলেন না রাজশাহীর শিউলি আব্দুল রহিম
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রাজগঞ্জ: বাংলাদেশের রাজশাহীর আব্দুল রহিম রাজগঞ্জ ব্লকের গজলডোবায় এসে খেজুর গুড় তৈরি করতেন গত ১১ বছর থেকে। প্রত্যেক বছর শীতের মরশুমে এপারে চলে আসতেন তিনি। খেজুর গুড় তৈরি করাই তাঁর পেশা। দূরদূরান্ত থেকে এসে অনেকেই তাঁর কাছ থেকে খেজুর গুড় কিনে নিয়ে যেতেন। তবে এ বছর বাংলাদেরশের অস্থির পরিস্থিতির জন্য তিনি আসতে পারলেন না। কিন্তু তাঁর খোঁজে প্রায়দিনই দূরদূরান্ত থেকে লোকজন আসছেন গজলডোবায়। 
Advertisement
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আনন্দ সরকার, সুব্রত বিশ্বাস বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে শীত শুরুর আগেই গজলডোবা ও আশপাশের লোকজনের সঙ্গে যোগাযোগ করে আব্দুল রহিম নির্দিষ্ট টাকার বিনিময়ে এলাকার কয়েকশো খেজুর গাছ বুক করতেন। গতবছর ৮০টি গাছ তিনি নিয়েছিলেন। এরপর শীত পড়তেই চলে আসেন। প্রতিদিন বিকেলে তিনি স্থানীয় কয়েকজনকে নিয়ে গাছে উঠে হাঁড়ি বাঁধেন। ভোরে সেই হাঁড়ি নামিয়ে তারপর খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করতেন। তাঁর হাতে তৈরি গুড় জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে যেত। খোলা বাজারে সেই গুড় বিক্রি হতো ৩০০ টাকা কেজি দরেও। শীতের মরশুম চলে গেলে তিনি ফিরে যেতেন নিজের দেশে। তবে এ বছর বাংলাদেশের অস্থিরতায় ভারতে আসার জন্য হয়তো তিনি ভিসা পাননি। তাই আসেননি। কিন্তু গুড়ের খোঁজ করতে অনেকেই আসছেন গ্রামে।
সম্পর্কিত সংবাদ