সংবাদদাতা, পতিরাম: বৌদ্ধ ধর্মের প্রচারক তথা প্রখ্যাত বাঙালি পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্মস্থান বাংলাদেশে নয়। অন্যতম এই বৌদ্ধ ভিক্ষুকের জন্ম দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের শ্রীমতি নদীর তীরে সুরহারা গ্রামে। এমনটাই দাবি দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান পরিষদের। ওই গ্রামেই রয়েছে অতীশ দীপঙ্করের বাড়িঘর থেকে শুরু করে ইতিহাসের নানা নিদর্শন। এনিয়ে গত আগস্ট মাসে ‘ইতিহাস অনুসন্ধান পরিষদ’ এবং ‘অল ইন্ডিয়া ফেডারেশন অব বেঙ্গলি বুদ্ধিস্টস’ এর যৌথ উদ্যোগে চলে গবেষণা। সেই গবেষণাতেই উঠে এসেছে অতীশ দীপঙ্কর সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। তাই ওই গ্রামে খননকার্য চালিয়ে ইতিহাস অনুসন্ধানের দাবি জানাল ইতিহাস অনুসন্ধান পরিষদ। বুধবার জেলাশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। জেলার অন্যতম প্রবীণ বঙ্গরত্ন পুরস্কার প্রাপক অধ্যাপক তথা ইতিহাস গবেষক হিমাংশু সরকার বলেন, ‘অতীশ দীপঙ্করকে বাঙালিরা তেমন মনে না রাখলেও তিব্বতে তিনি ভগবান। তাঁর জন্মস্থান বাংলাদেশের ঢাকার একটি জায়গায় বলা হলেও আদতে তা নয়। আমরা গবেষণা করে দেখেছি, তাঁর বাড়ি হরিরামপুরের সুরহরা গ্রামে। তার অনেক নিদর্শনও রয়েছে। ওই সংগঠনের সম্পাদক নবকুমার দাসও বলেন, এই জেলায় ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যা রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। গবেষণা করে দেখা গিয়েছে ওই গ্রামেই অতীশ দীপঙ্করের জন্মস্থান। এই ইতিহাসের গুরুত্ব অনেকখানি। তাই তা রক্ষা করার জন্য জেলাশাসককে খননের দাবি জানিয়েছি। জেলা প্রশাসনের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।



