সংবাদদাতা, জঙ্গিপুর: ভারতে অনুপ্রবেশ করে বাচ্চাদের পোশাক পাচার করতে গিয়ে ধরা পড়ল দুই বাংলাদেশি। তাদের সঙ্গে থাকা এক ভারতীয় যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সূতির বাগশিরাপাড়া থেকে পুলিস তাদের পাকড়াও করে। ধৃতদের নাম মেহেবুব আলম, অমিত চাঁদ ও জামিরুল শেখ। প্রথম দু’জনের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। অপর যুবকের বাড়ি মালদহে। ধৃতদের সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। সূতি থানার এক আধিকারিক বলেন, ওই যুবকদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় প্রচুর অসঙ্গতি ধরা পড়ে। তারা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে। পুলিস জানিয়েছে, এদিন সন্ধ্যায় বাগশিরা গার্লস হাইস্কুলের কাছে ওই তিন যুবক জড়ো হয়েছিল। দু’জনের পরনে ছিল লুঙ্গি ও গায়ে চাদর। অপর যুবক ফুল প্যান্ট ও সোয়েটার পরে ছিল। ওই যুবকরা নিজেদের মধ্যে কথা বলছিল। সন্দেহ হওয়ায় পুলিস তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। বাংলাদেশি দুই যুবক জানায়, তারা শিশুদের পোশাক বিক্রি করতে এসেছে। কিন্তু এদেশে ঢোকার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিস তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বেশ কিছু ছোটদের জামাপ্যান্ট বাজেয়াপ্ত করেছে পুলিস। তারা মালদহের জামিরুলকে সেসব হাতবদল করতে এসেছিল বলে জানিয়েছে। পুলিসের প্রাথমিক জেরায় ধৃত বাংলাদেশিরা জানিয়েছে, তারা সূতির উন্মুক্ত সীমান্ত দিয়ে রাতে বিএসএফের নজর এড়িয়ে এদেশে ঢুকেছে। পুলিস সবদিক খতিয়ে দেখছে। এর আগে একাধিক বাংলাদেশি যুবক এদেশে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার হয়েছে।



