সংবাদদাতা বেলদা: ঘোষণা অনুযায়ী শনিবার বেলদা থানার নেকুড়সেনি সাঁওতালি মাধ্যম হাইস্কুলে বিক্ষোভ দেখালেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা। স্কুলের পরিকাঠামোর উন্নয়ন না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, নেকুড়সেনি সাঁওতালি মাধ্যম স্কুলে ছাত্রছাত্রীদের বসার উপযুক্ত ক্লাসরুম নেই। মেলেনি বইও। নেই স্কুলে যাওয়ার রাস্তা। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ না হওয়ায় শনিবার স্কুলের সামনে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের খড়্গপুর তলাটের জগ পারগানা চৈতন্য সোরেন বলেন, আর একবার প্রশাসনিক স্তরে সমস্যার কথা জানাব। তাতেও কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামব। সাঁওতালি মাধ্যম স্কুল বলেই কি সরকার নজর দিচ্ছে না? স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সুদীপ হাঁসদা বলেন, স্কুলের সমস্যাগুলি নিয়ে আমরাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু কাজ হয়নি। প্রশাসন যদি পদক্ষেপ নেয় ছাত্রছাত্রীদের উপকার হবে।
Advertisement
প্রসঙ্গত, ২০১৭ সালে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অনুমোদনও মেলে সাঁওতালি মাধ্যম এই স্কুলের।। শুরু হয় ২০১৮ সালের ২২ মার্চ থেকে। স্কুল কর্তৃপক্ষ জানায়, ভবন নির্মাণের জন্য ২২ লক্ষ টাকা মিলেছিল। তা দিয়ে চারটি ক্লাসরুম তৈরি হয়। বর্তমানে ৩০০ ছাত্রছাত্রী পড়াশোনা করে। জায়গার অভাবে বাংলা মাধ্যমের ক্লাসরুমে পড়াশোনা করাতে হয়। চলতি শিক্ষাবর্ষে প্রথম সেমেস্টারের পরীক্ষা শেষ হয়ে গেলেও সাঁওতালি ও ইংরেজি ছাড়া কোনও বই মেলেনি। আগামী ৩ মার্চ থেকে দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা। যে বই এসেছে তা প্রথম সেমিস্টারের।
ভারপ্রাপ্ত শিক্ষক সুদীপবাবু বলেন কলা বিভাগের একাদশ শ্রেণিতে ১৯ জন ছাত্রছাত্রী রয়েছে। তাদের পঠনপাঠনের জন্য কিছুদিন আগে বই এসে পৌঁছেছে। কিন্তু সেগুলি প্রথম সেমেস্টারের। সোমবার থেকে দ্বিতীয় সেমেস্টার শুরু হচ্ছে। নতুন বই না থাকায় পড়াশোনার সমস্যা হচ্ছে।
ভারপ্রাপ্ত শিক্ষক সুদীপবাবু বলেন কলা বিভাগের একাদশ শ্রেণিতে ১৯ জন ছাত্রছাত্রী রয়েছে। তাদের পঠনপাঠনের জন্য কিছুদিন আগে বই এসে পৌঁছেছে। কিন্তু সেগুলি প্রথম সেমেস্টারের। সোমবার থেকে দ্বিতীয় সেমেস্টার শুরু হচ্ছে। নতুন বই না থাকায় পড়াশোনার সমস্যা হচ্ছে।



