সংবাদদাতা বেলদা: নারায়ণগড় রাজা হৃষিকেশ লাহা উচ্চ শিক্ষা নিকেতনের প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধন হল বৃহস্পতিবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার, মীরাতুন নাহার, নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট সহ অন্যান্য বিশিষ্টরা। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা করে এই অনুষ্ঠানের সূচনা হয়। এই শোভাযাত্রায় পড়ুয়াদের পাশাপাশি পা মেলান বিশিষ্টরা। এদিন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাজা ঋষিকেশ লাহার আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন বিধায়ক সূর্যকান্ত অট্ট। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে থাকা শহীদ ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ মীরাতুন নাহার। প্লাটিনাম জয়ন্তীর স্মারক উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার। আগামী চার দিন ধরে চলবে এই প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান বলে জানালেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুতোষ বারিক।



