সংবাদদাতা, বেলদা: সাধারণতন্ত্র দিবসে স্কুলের অনুষ্ঠানে যোগ দেওয়ার নাম করে বেরিয়ে এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। দশম শ্রেণির ওই ছাত্রী বেলদা থানার অন্তর্গত হরিপুর গ্রামের বাসিন্দা। পুলিস তাকে দীঘা কোস্টাল এলাকা থেকে উদ্ধার করে।
Advertisement
জানা গিয়েছে, গত ২৬ জানুয়ারি স্কুলে সাধারণতন্ত্র দিবস পালিত হচ্ছিল। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় বছর ষোলোর ওই নাবালিকা। এদিকে, নির্ধারিত সময়েও বাড়ি না ফেরায় নাবালিকার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এরপর পরিবারের পক্ষ থেকে জোড়াগেড়িয়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। ঘটনাচক্রে, ওই নাবালিকার বাবার মোবাইলের একটি হোয়াটসঅ্যাপ কলের সূত্র ধরে তদন্তে নামে পুলিস। অবশেষে, মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে দীঘা কোস্টাল এলাকায় ওই নাবালিকার খোঁজ মেলে। দীঘা কোস্টাল থানার পুলিসের সাথে যোগাযোগ করে মঙ্গলবার গভীর রাতে ওই নাবালিকাকে উদ্ধার করে জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিস। বুধবার উদ্ধার হওয়া ওই নাবালিকাকে দাঁতন আদালতে পেশ করা হয়। বিচারক তাকে তার বাবার ব্যক্তিগত বন্ডে পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন।



