সংবাদদাতা বেলদা: বাড়িতে না থাকার সুযোগে বেলদা থানার দেউলী এলাকায় এক স্বাস্থ্য কর্মীর বাড়িতে চুরি হয়েছে। জানা গিয়েছে, বেলদা গ্রামীণ হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী দীপক মহাপাত্র শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসার কারণে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে কলকাতায় রয়েছেন। সেই সুযোগে দেউলী এলাকায় দীপকবাবুর বাড়িতে চুরি হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা দেখেন দীপকবাবুর বাড়ির সামনের দরজা খোলা, তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপর খবর দেওয়া হয় বেলদা থানায়। ঘটনাস্থলে তদন্তে আসে বেলদা থানার পুলিস। পুলিস জানিয়েছে, প্রাথমিকভাবে বাড়ির বেশ কয়েকটি আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। একটি এলইডি টিভি ও ভিডিও ক্যামেরা খোয়া গিয়েছে। আর কি কি চুরি গিয়েছে তা দীপকবাবুর পরিবারের সদস্যরা বাড়ি এলে জানা যাবে।
Advertisement
অপরদিকে বেলদা কলেজ রাস্তায় এক কলেজ ছাত্রীর মোবাইল ছিনতাই এর ঘটনায় অভিযুক্ত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করল বেলদা থানার পুলিস। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে একটি আইফোনও। জানা গিয়েছে, গত সোমবার দুপুরে বাড়ি থেকে টিউশন যাওয়ার পথে বেলদা কলেজ রাস্তায় এক কলেজ ছাত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালায় দুই ছিনতাইকারী। পরে বেলদা থানায় অভিযোগ দায়ের হলে মঙ্গলবার একজনকে গ্রেপ্তার করে পুলিস। ওইদিনই ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিস। জিজ্ঞাসাবাদ করে বুধবার অভিযুক্ত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া মোবাইলটি। একইসঙ্গে একটি আইফোনও উদ্ধার করেছে পুলিস।



