Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলডাঙায় ১৬৩ ধারা জারি, জেলাজুড়ে বন্ধ ইন্টারনেট

বেলডাঙায় ১৬৩ ধারা জারি, জেলাজুড়ে বন্ধ ইন্টারনেট
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রবিবার সকাল থেকে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (আগের ১৪৪ ধারা) জারি হয়েছে বেলডাঙায়। বিভিন্ন এলাকায় একাধিক গুজব তৈরি হচ্ছে। সেজন্য রাত থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে মুর্শিদাবাদে। জেলাশাসক রাজর্ষি মিত্র বেলডাঙায় অশান্তির জেরে এই নির্দেশিকা জারি করেছেন। পাঁচজনের বেশি কোনও ব্যক্তি একত্রিতভাবে বেলডাঙা থানা এলাকার কোনও জায়গায় জমায়েত করতে পারবে না বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে। প্রতিটি পাড়ার মোড়ে বসানো হয়েছে পুলিস পিকেট। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে এসেছেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার, এডিজি(দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার সহ রাজ্যের একাধিক উচ্চপদস্থ পুলিস কর্তারা। তবে পুরসভা এলাকার বেশকিছু জায়গায় সকাল থেকে আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক ছিল পরিস্থিতি। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান খুলতে দেখা যায় ব্যবসায়ীদের। তবে মুর্শিদাবাদ জেলাজুড়েই ইন্টারনেট না থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ১৯ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে। তবে অশান্তি যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য কড়া ব্যবস্থা নিয়েছে পুলিস। গণ্ডগোল পাকানোর ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের রবিবার বহরমপুর আদালতে তোলা হলে, বিচারক ১২ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ