Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলডাঙায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বেলডাঙায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: বেপরোয়া ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে বেলডাঙা থানার রতনপুর মাঠ এলাকায়। বুধবার রাতে চিকিৎসারত অবস্থায় মুর্শদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় কিশোরের। মৃতের নাম সায়ন ইকবাল (১৩)। বাড়ি বেলডাঙা থানার রতনপুর। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বেলডাঙা থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাক্টরটি আটক করেছে পুলিস। চালক পলাতক। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে গিয়েছিল সায়ন। ফেরার পথে একটি বেপরোয়া ট্রাক্টর তাকে ধাক্কা মারলে চাকার তলায় পড়ে যায়। গুরুতর জখম অবস্থায় সরাসরি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। মৃতের জেঠু মাঞ্জার হোসেন বলেন, ট্রাক্টরের চালকের দোষেই দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়াভাবে গাড়ি ছোটাচ্ছিল চালক।
Advertisement
অন্যদিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মদ্যপ অবস্থায় নিজের বুকে ধারালো অস্ত্র বসানোয় মৃত্যু হল এক যুবকের। বুধবার সকালে বাড়ি থেকেই তাকে উদ্ধার করে পুলিস। আজ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হয়। মৃত যুবকের নাম আলিম শেখ(২৮)। বাড়ি মুর্শিদাবাদ থানার লালবাগ পাঁচরাহা বাজারে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে ভালোবেসে বিয়ে করেছিল আলিম। এক সন্তান রয়েছে। তবে সম্প্রতি স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। বুধবার সকালে বাড়ি থেকে বুকে ধারালো চাকু বসানো অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে আনলে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক। স্থানীয় ও পুলিসের অনুমান, মদ্যপ অবস্থায় নিজেই নিজের বুকে চাকু বসিয়েছে।
সম্পর্কিত সংবাদ