নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বেলডাঙায় কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল প্রায় এক হাজার নেতা ও কর্মী। বেলডাঙা-১ ব্লকের(উত্তর) তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রেলবাজার কমিউনিটি হলে শুক্রবার বিকেলে যোগদান সভার আয়োজন করা হয়। হাজির ছিলেন তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ। মির্জাপুর-২ গ্রাম পঞ্চায়েতের তিন কংগ্রেস সদস্য এবং এক কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলে যোগদান করেন। স্থানীয় বিজেপি নেতা সুকুমার দাসও এদিন ঘাসফুল শিবিরে নাম লেখান। কংগ্রেস ও বিজেপি নেতাদের সঙ্গে প্রায় এক হাজার কর্মী তৃণমূলে যোগদান করেন বলে জানিয়েছেন উত্তরের ব্লক তৃণমূল সভাপতি দীপককুমার মণ্ডল। তিনি বলেন, বিভিন্ন দল থেকে কর্মীরা তৃণমূলে যোগদান করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেছেন সকলে। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাধারণ মানুষের কাজ করছি। সেজন্য কংগ্রেস ও বিজেপি থেকে গ্রাম পঞ্চায়েতের সদস্য ও নেতারা তৃণমূলে আসছেন। তাঁরা মানুষের জন্য কাজ করতে চাইছেন। বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি শাখারভ সরকার বলেন, তৃণমূলের অবস্থা খারাপ। তাই দু’-একজন লোককে পতাকা ধরিয়ে মিথ্যা প্রচার করছে।



