Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলডাঙায় ক্যানেল বুজিয়ে ফেলার অভিযোগ, ধৃত দুই

বেলডাঙায় ক্যানেল বুজিয়ে ফেলার অভিযোগ, ধৃত দুই
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রাতের অন্ধকারে অবৈধভাবে সরকারি ক্যানেল বোজানোর অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। বেলডাঙা শহরের ওই ক্যানেল দিয়ে শহরের সমস্ত ড্রেনের জল নিকেশ হয়। জেসিবি নামিয়ে মাটি ফেলে ক্যানেল বুজিয়ে দেওয়া হচ্ছিল। ঘটনার খবর পেয়ে শনিবার গভীর রাতে সেখানে পৌঁছে জেসিবি সহ দু’জনকে গ্রেপ্তার করে বেলডাঙা থানার পুলিস। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 
Advertisement
বিজেপি নেতৃত্বের দাবি, বাড়ি নির্মাণের জন্য ওই ক্যানেল ভরাট করা হচ্ছিল। এই ভরাটের পিছনে মদত রয়েছে তৃণমূলের। বেলডাঙা পুরসভার বিজেপির বিরোধী দলনেতা অলোক ঘোষ বলেন, ঘটনার প্রতিবাদ জানিয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিসকে ধন্যবাদ। এসব অবৈধ কাজ করতে দেওয়া যাবে না। 
তৃণমূল পরিচালিত বেলডাঙা পুরসভার ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান মণ্ডল বলেন, ৪ নম্বর ওয়ার্ডের ওই ক্যানেল শহরের হৃৎপিণ্ড। শহরের সমস্ত নোংরা জল ওই ক্যানেল দিয়ে বেরিয়ে যায়। রাতের অন্ধকারে যারা ওই ক্যানেল ভরাট করছিল, তাদের পুলিস গ্রেপ্তার করেছে। ওই ক্যানেলের মাটি তুলে না নেওয়া হলে প্রোমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বেলডাঙা পুরসভা। আর যে বিজেপি নেতারা দুর্নীতির কথা বলছেন, তাঁরা ঘটনাস্থলে না গিয়ে ফেসবুকে পোস্ট করতে ভালোবাসেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ