নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: চারচাকা গাড়িতে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ল এক কারবারি। তার কাছ থেকে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বেলডাঙা থানার পুলিস। ধৃত দীপঙ্কর রায়ের বাড়ি কোচবিহার জেলার দিনহাটায়। পুলিস জানিয়েছে, কোচবিহার থেকে নদীয়ায় বিপুল পরিমাণ গাঁজা আনা হচ্ছিল। শুক্রবার গভীর রাতে নাকা তল্লাশির সময় বেলডাঙা থানার গঙ্গাপুর মোড় লাগোয়া জাতীয় সড়কে একটি গাড়ি আটক করা হয়। সেই গাড়ি থেকে ওই গাঁজা উদ্ধার হয়। বেলডাঙা থানার এক আধিকারিক বলেন, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিনহাটা থেকে নদীয়ায় গাঁজা পাচার করা হচ্ছিল। কার কাছে সেই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল, তা আমরা খতিয়ে দেখছি।