সংবাদদাতা, রামপুরহাট : দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারায় মৃত্যু হল ডাম্পারের চালকের। পুলিস জানিয়েছে, মৃত চালকের নাম সামসুদ্দিন মণ্ডল (২৬)। বাড়ি পাইকর থানার দারিয়াপুর গ্রামে। সোমবার ভোরে মুর্শিদাবাদ থেকে ডাম্পার চালিয়ে নলহাটিতে পাথর লোড করতে আসছিলেন ওই যুবক। ৩৪ নম্বর জাতীয় সড়কের মুর্শিদাবাদের বেলডাঙার কাছে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে ডাম্পারটি। গুরুতর জখম হন চালক। ডাম্পারের ভিতরে আটকে পড়েন খালাসি নাসির শেখ। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে। যদিও খালাসির আঘাত লাগেনি। নাসির বলেন, বেলডাঙায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে সামসুদ্দিনকে নিয়ে আসা হয় রামপুরহাট মেডিক্যালে। সেখানে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।



