নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বেলডাঙা পুরসভার ৬নম্বর ওয়ার্ডে বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে উত্তেজনা ছড়াল। সেখানকার একটি জলাশয়ের পাশে বেআইনিভাবে পাঁচতলা বিল্ডিং তৈরি হচ্ছিল। অভিযোগ, পুরসভার তরফে বারবার নোটিস করা হলেও কেউ কর্ণপাত করেনি। মঙ্গলবার পুরসভার লোকজন সেই বিল্ডিংয়ের পঞ্চমতল ভাঙতে যায়। তারপরই উত্তেজনা দেখা দেয়। বিল্ডিং নির্মাতাদের দাবি, তাঁদের ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে। পুরসভার কয়েকজনের মৌখিক অনুমতিক্রমে এই কাজ চলছিল। যদিও পুরসভার দাবি, তিনতলা বিল্ডিং তৈরির অনুমতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে মৌখিকভাবে চারতলা বিল্ডিং করার কথা বললে, কাগজপত্র জমা দিতে বলা হয়। কিন্তু জায়গার পজিশন অনুযায়ী ওখানে পাঁচতলার অনুমতি কোনওভাবেই মিলবে না। অথচ পাঁচতলা নির্মাণ শুরু হয়েছিল। পুরসভার চেয়ারপার্সন অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায় বলেন, ওঁদের অনেকবার নোটিস করা হয়েছে। নোটিস করার পর সময় দেওয়া হয়েছে। তারপরও ওরা বিল্ডিং ভাঙেনি। চারতলার প্ল্যান অবধি জমা দেওয়া আছে। পাঁচতলাটি সম্পূর্ণ অবৈধ। তাই এটা ভাঙা হচ্ছিল। ওরা নিজেরাই বলেছে, দু’দিনের মধ্যেই ওটা ভেঙে দেবে। তাই দু’দিন সময় দেওয়া হয়েছে। নয়তো আমরা পুরসভা থেকে শ্রমিক এনে ভেঙে দেওয়া হবে।



