সংবাদদাতা বেলদা: মুহূর্তের অসাবধানতায় স্ত্রীর সামনেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হল স্বামীর। বেলদা স্টেশনে তিন নম্বর প্লাটফর্মে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। জানা গিয়েছে, মাসখানেক আগে শ্রমিকের কাজে তামিলনাড়ু গিয়েছিলেন বেলদা থানা চাটলা গ্রামের বাসিন্দা ৫৪ বছর বয়সী স্বপন সরেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী গৌরী সরেন। সোমবার গভীর রাতে তামিলনাড়ু থেকে খড়গপুর স্টেশনে নামেন ওই দম্পতি। এরপর সেখান থেকে খড়গপুর খুরদা রোড এক্সপ্রেসে চেপে বেলদা স্টেশনে আসেন। ৩ নম্বর প্লাটফর্মে ট্রেন থেকে নেমে একে একে নিজেদের ব্যাগগুলি বয়ে নিয়ে আসছিলেন ওভারব্রিজের দিকে। শেষ ব্যাগটি বয়ে আনতে গিয়ে প্ল্যাটফর্ম থেকে মুখ বাড়িয়ে, ট্রেন লাইনে থুথু ফেলতে গিয়েছিলেন স্বপন সরেন। আর ঠিক তখনই ওই লাইন দিয়ে যাওয়া দ্রুতগামী একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্লাটফর্মের উপরে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুরো ঘটনাটি স্ত্রী গৌরী দেবীর চোখের সামনে ঘটে। আকস্মিক ঘটনায় বিহ্বল হয়ে যান গৌরী দেবী। চোখের সামনে মর্মান্তিক ঘটনা দেখে ভেঙে পড়েন। ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি।
Advertisement
অপরদিকে বেলদা স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে কুলিগেড়িয়াতে আপ লাইনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবকের নাম মেহবুব আলম বিশ্বাস (২২)। বাড়ি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রামে। রাজমিস্ত্রির কাজে বেলদা এলাকায় এই যুবক থাকতেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে রেললাইনে মাথা কাটা অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় রেল পুলিসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছে রেল পুলিস। পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান আত্মহত্যা করেছেন ওই যুবক। তবে কি কারনে এই ঘটনা তা তদন্ত করছে পুলিস।



