সংবাদদাতা, বেলদা: প্রায় এক দশকেরও বেশি সময় ধরে পড়ে থাকা বেলদার অর্ধসমাপ্ত সেন্ট্রাল বাস স্ট্যান্ডে গড়ে উঠতে চলেছে সরকারি গেস্ট হাউস। সেখানে প্রয়োজনে মানুষ যেমন থাকতে পারবেন, তেমনিই নানা অনুষ্ঠানে ভাড়াও নেওয়া যাবে।
Advertisement
২০০৩ সালে বাম আমলে বেলদা গ্রাম পঞ্চায়েত অফিসের পাশেই প্রায় ৮৮ ডেসিমেল জায়গার উপরে একটি সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। তার জন্য ২০০৪ সালে প্রাথমিক পর্যায়ে জেলা পরিষদ ২০ লক্ষ টাকা বরাদ্দ করে। ওই টাকা দিয়ে জমিতে মাটি ফেলার কাজ হয়। পরে পরিবহণ দফতরের বরাদ্দ অর্থে বাস স্ট্যান্ডের রাস্তা পিচের করা হয়। যাত্রী প্রতীক্ষালয়, নিকাশি নালা গড়ে তোলার কাজও হয়। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে বন্ধ হয়ে যায় সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরির কাজ। প্রশাসনের দাবি, ওই বাস স্ট্যান্ড থেকে বেরোনোর ও ঢোকার রাস্তা তৈরির ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। আর তার ফলে অর্ধ সমাপ্ত অবস্থাতেই থেকে যায় সেই বাস স্ট্যান্ড। পরবর্তীকালে বেলদা স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হয় নতুন বাস টার্মিনাস। বর্তমানে পড়ে থাকা সেই পুরনো অর্ধসমাপ্ত সেন্ট্রাল বাস স্ট্যান্ডে একটি সরকারি গেস্ট হাউস নির্মাণের উদ্যোগ নিয়েছেন বিধায়ক। নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট বলেন, বাম আমলে পরিকল্পনাহীনভাবে ওই বাস স্ট্যান্ডটি তৈরি হয়েছিল। বর্তমানে পড়ে থাকা অর্ধ নির্মিত ওই বাস স্ট্যান্ডটিতে আমরা একটি গেস্ট হাউস তৈরির উদ্যোগ নিয়েছি।



