সংবাদদাতা বেলদা: একটি মক্তবের মিড ডে মিলের চাল চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। রবিবার ধৃতকে পেশ করা হয় দাঁতন আদালতে। পাঁচ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির অন্তর্গত সাবড়া মক্তবে চুরির ঘটনা ঘটে। প্রায় এক কুইন্টাল ৫০ কেজি মিড ডে মিলের চাল চুরি হয়ে যায় ওই মক্তব থেকে। শনিবার সকালে মক্তব খুললে তা দেখতে পায় ভারপ্রাপ্ত শিক্ষক। জোড়াগেড়িয়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করলে পুলিস ঘটনার তদন্তে নামে। সাবড়া এলাকা থেকে শনিবার রাতে এক যুবককে গ্রেপ্তার করে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃত যুবকের নাম শেখ শাহেদ আলি। ধৃতকে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিতে দাঁতন আদালতে পেশ করে পুলিস। পাঁচ দিনের পুলিস হেফাজত মঞ্জুর করে আদালত। পুলিস জানিয়েছে, এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে এইরকম নানা চুরির অভিযোগ ছিল।



