Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্লাড ক্যানসারে আক্রান্ত জওয়ানের মৃত্যু, পটাশপুরের গ্রামে শেষকৃত্য

ব্লাড ক্যানসারে আক্রান্ত জওয়ানের মৃত্যু, পটাশপুরের গ্রামে শেষকৃত্য
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: জম্মু-কাশ্মীরে কর্মরত অবস্থায় পটাশপুরের কৈনাড়া গ্রামের বাসিন্দা এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। দীপককুমার দাস নামে ওই জওয়ানের কফিনবন্দি দেহ বৃহস্পতিবার গ্রামে আসে। গান স্যালুট ও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪৫ বছর বয়সি দীপক ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন। বেশ কিছুদিন আগে তাঁর এই রোগ ধরা পড়ে। সেখানেই চিকিৎসা চলাকালীন মঙ্গলবার মারা যান তিনি। ওইদিনই মৃত্যুর খবর পান পরিবারের লোকজন। সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কফিনবন্দি দেহ এদিন সকালে গ্রামে আসে। জওয়ানের এহেন অকাল মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময় এলাকার বহু মানুষ সেখানে উপস্থিত ছিলেন। মৃত জওয়ানের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দীপকের বাবা অজিত দাস বলেন, দশদিন আগে ছেলের ব্লাড ক্যানসারের কথা জানতে পারি। তারপর মঙ্গলবার  তাঁর মৃত্যুর খবর পাই।  
Advertisement
সম্পর্কিত সংবাদ