সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরার বালিচক রেলগেটে উড়ালপুল নির্মাণের কাজ দ্রুত শেষ করতে হবে। তার জন্যই বৃহস্পতিবার রাত থেকে রেলগেট দিয়ে সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হল। একেবারে নোটিস লাগিয়ে গেট সিল করে দেওয়া হয়েছে। সাইকেল, মোটরবাইকও যেতে দেওয়া হচ্ছে না। এরফলে বহু মানুষ দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে স্কুল পড়ুয়া ও ডেবরা সুপারস্পেশালিটি হাসপাতালের রোগীদের শুক্রবার সকাল থেকে সমস্যায় পড়তে হয়। ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ি বলেন, তিন মাসের জন্য রেল গেট দিয়ে কোনও রকম যানবাহন চলাচল করবে না। এরকমই নির্দেশ দেওয়া হয়েছে। কিছু সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানে বিকল্প পথ খোঁজার চেষ্টা চলছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই রুটের বাস সহ বিভিন্ন গাড়ি এখন বুড়ামালা ও আষাড়ি এই দু’টি রাস্তা দিয়ে যাবে। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর বলেন, এদিন স্কুল, ব্যবসায়ী ও ডেবরা সুপারস্পেশালিটি হাসপাতালের অনেকে তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিষয়টি জেলাশাসক ও বিডিওকে জানিয়ে একটা বিকল্প ব্যবস্থা যাতে করা যায়, তার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার বালিচক রেলগেটে উড়ালপুলের দাবি দীর্ঘদিনের। এনিয়ে অনেক আন্দোলনও হয়েছে। দিনের মধ্যে বেশির ভাগ সময় রেলগেট বন্ধ থাকায় বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অবেশেষে উড়ালপুল নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু বেশ কিছুদিন ধরে খুবই ঢিমেতালে কাজ হচ্ছে বলে অভিযোগ ওঠে। কবে কাজ শেষ করে উড়ালপুল চালু হবে, তা নিয়ে সংশয় দেখা দেয়। সম্প্রতি পূর্তদপ্তরের সচিব পরিদর্শনে এসে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়ে যান। এরপরই দ্রুত কাজ শেষ করার উদ্যোগ শুরু হয়। পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে এখন শেষ পর্যায়ের কাজ চলছে। গেট বন্ধ না করলে কাজ করায় সমস্যা দেখা দেবে। তাই এই সিদ্ধান্ত।
Advertisement
বাসিন্দারা বলেন, অন্তত সাইকেল, মোটরবাইক চলাচলের বিকল্প ব্যবস্থা করা হোক। নয়তো অনেক ঘুরপথে যাতায়াত করতে হবে। বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষে বিকল্প রাস্তার ব্যবস্থা করার জন্য বিডিওর কাছে আবেদন জানানো হয়েছে। সংগঠনের পক্ষে কিঙ্কর অধিকারী বলেন, অ্যাম্বুলেন্স, স্কুলের গাড়ি, মোটরবাইক ও সাইকেল যাতে যাতায়াত করতে পারে, তার জন্য বিকল্প ব্যবস্থা করা হোক।



