সংবাদদাতা, বর্ধমান: সাতটি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে বর্ধমান থানার পুলিস। ছ’টির চালক, একটির হেল্পার এবং একটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, বুধবার বিকেলে সদরঘাটের দিক থেকে ৬টি ট্রাক্টর বর্ধমানের দিকে আসছিল। তেলিপুকুরের কাছে ট্রাক্টরগুলিকে আটকায় পুলিস। চালকরা বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। অন্যদিকে, বৃহস্পতিবার সকালে একটি ট্রাক্টর তেজগঞ্জের দিক থেকে নবাবহাটের দিকে আসছিল। তেলিপুকুরেই ট্রাক্টরটিকে আটকায় পুলিস। চালক ট্রাক্টর থেকে ঝাঁপ দিয়ে পালায়। ট্রাক্টরের মালিক ও হেল্পারকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জেনেছে, দামোদর থেকে অবৈধভাবে বালি তুলে তা চড়া দামে বিক্রির জন্য ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল।



