নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে পুলিসি অভিযান অব্যাহত। শুক্রবার রাতে ফের ওভারলোডেড বালিবোঝাই দু’টি লরি আটক করে গোঘাট থানার পুলিস। পুলিস জানিয়েছে, কোতুলপুর আরামবাগ রাজ্য সড়কে বেঙ্গাই মোড়ে ওই রাতে দু’টি লরি আটক করা হয়। ওই দু’টি লরিতে চালানের তুলনায় অতিরিক্ত বালি পাচার করা হচ্ছিল। ফলে বালিবোঝাই লরি দু’টিকে আটকে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে পুলিসকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এমনকী তিনি পুলিসের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশও করেন। তারপর ওই রাতেই আরামবাগ থানার পুলিস বেআইনি বালি পাচারের অভিযোগে দু’টি ডাম্পার ও একটি লরি আটক করে। ওই লরিগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও পুলিস জানিয়েছে। তারপর ফের গোঘাট থানার পুলিসও অভিযান চালিয়ে দু’টি বালিবোঝাই লরি আটক করে।



