জুরিখ: গ্রিনল্যান্ড ইস্যুতে ২০২৬ বিশ্বকাপ বয়কটের ব্যাপারে আগেই মুখ খুলেছে ইউরোপের একাধিক দেশ। মূলত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসনে উত্তাল বিশ্ব রাজনীতি। এবার এই বিষয়ে মুখ খুললেন ফিফার প্রাক্তন সভাপতি সেপ ব্লাটার। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, ‘সকলের উচিত আমেরিকায় বিশ্বকাপ বয়কট করা।’ একই সঙ্গে সুইস আইনজীবী মার্ক পিয়েথের বক্তব্যকেও সমর্থন জানিয়েছেন তিনি। উল্লেখ্য, কয়েকদিন আগেই আমেরিকায় খুন হয়েছেন এক প্রতিবাদী। এরপরই পিয়েথ সাক্ষাৎকারে বলেন, ‘আমেরিকায় দেশজুড়ে রাজনৈতিক বিরোধীদের উপেক্ষা, অভিবাসন সংস্থার অত্যাচার চলছে। এমন সময়ে ফুটবল অনুরাগীদের সেখানে যাওয়াটা মোটেই ভালো হবে না। বরং তাঁদের জন্য একটাই পরামর্শ, যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলুন। বাড়িতে বসে টিভিতে তার চেয়ে ভালো করে খেলা দেখতে পাবেন।’ তাঁর এই বক্তব্যকে সমর্থন করে পোস্ট করেন ব্লাটার।



