সংবাদদাতা, মানবাজার: অবৈধভাবে বালি পাচারের অভিযোগে এক ট্রাক্টরের চালককে গ্রেপ্তার করল পুরুলিয়ার কেন্দা থানার পুলিস। ধৃত চালকের নাম নীলকমল মুদি। তার বাড়ি কেন্দা থানার নরসিংডি গ্রামে। শনিবার রাত্রে অভিযান চালিয়ে পুলিস ওই যুবককে গ্রেপ্তার করে। রবিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেয়।
Advertisement
পুলিস সূত্রে জানা গেছে, একটি ট্রাক্টর বালি বোঝাই করে বাবুইজোড় গ্রামের দিক থেকে কুড়ুকতুপা গ্রামের দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস কুড়ুকতুপা গ্রামের কাছে পৌঁছায়। তখন ট্রাক্টরের চালক পুলিস দেখে গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করে। পুলিস তাকে ধরে ফেলে। পুলিস জানিয়েছে ওই চালক বালি চালানের কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়। ট্রাক্টরে মোট ১০০ সিএফটি বালি মজুত ছিল। ওই চালক রাতের অন্ধকারে স্থানীয় একটি বালিঘাট থেকে বালি তুলে পাচারের ছক কষেছিল। পুলিস তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে।



