Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালি পাচার রুখতে নয়া কৌশল নীলবাতি ছেড়ে ভাড়া গাড়িতে অভিযান

বালি পাচার রুখতে নয়া কৌশল নীলবাতি ছেড়ে ভাড়া গাড়িতে অভিযান
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: অবৈধ বালি পাচার রুখতে এবার নয়া কৌশল নিল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সরকারি নীল বাতি লাগানো গাড়ি ছেড়ে ভাড়ার গাড়িতে চেপে পিছু ধাওয়া করে মুর্শিদাবাদে পাচারের আগেই অবৈধ বালি বোঝাই ডাম্পার আটক করল তারা। চালকদের আটক করার পাশাপাশি এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। ডিএসপি ডিইবি স্বপনকুমার চক্রবর্তী বলেন, সিউড়ি ও সাঁইথিয়ায় নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে ডাম্পারে বোঝাই করে মল্লারপুর ও ময়ূরেশ্বরের উপর দিয়ে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে অভিযান চালিয়ে সদাইপুর ও দুবরাজপুরে অবৈধ বালি বোঝাই দু’টি ট্রাক্টরও আটক করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।   
Advertisement
জেলার অধিকাংশ বৈধ বালিঘাটের লিজ শেষ হয়েছে। তারপরও জেলার বিভিন্ন নদনদী থেকে দেদার বালি পাচার চলছে। যদিও বালি পাচার রুখতে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান জারি রয়েছে। ধরাও পড়ছে অবৈধ বালি বোঝাই যানবাহন। তারপরও পাচারে মরিয়া বালি মাফিয়ারা। যদিও সতর্ক হয়েছে তারা। নির্দিষ্ট খবর পেয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের গাড়ি রাস্তায় নামলেই অবৈধ কারবারিদের কাছে খবর চলে যাচ্ছে। তাই এবার কৌশল বদল করল তারা। 
শুক্রবার গভীর রাতে ডিএসপি ডিইবি সরকারি নীল বাতির গাড়ির বদলে ভাড়া করা গাড়িতে চেপে আচমকা অভিযানে নামে। তাতে সাফল্যও এসেছে। মল্লারপুরের গম্ভীরা গ্রামের কাছে ওভারলোডেড বালি বোঝাই ডাম্পার যেতে দেখেন। নির্দিষ্ট সিগন্যাল দিতেই ডাম্পারটি সাইড দিয়ে দেয়। যদিও অন্য সময় পুলিসের স্টিকার লাগানো গাড়ি দেখলে সাইড দিতে চায় না চালকরা। এরপর একটু এগিয়ে যেতেই রাস্তায় দাঁড়িয়ে পড়ে গাড়িটি। পোশাক পরিহিত ডিএসপি ডিইবি ও তার দলবল গাড়ি থেকে নামতেই চালক ডাম্পার দাঁড় করিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে আটকা করা হয়। একইভাবে রাজ্য সড়কের ময়ূরেশ্বরের কোটাসুরের কাছ থেকে আরও একটি বালি বোঝাই ডাম্পার সহ চালককে আটক করে তারা। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা জানিয়েছেন, সিউড়ির খটঙ্গা ও সাঁইথিয়ায় নদী থেকে বালি তুলে ডাম্পার বোঝাই করে মুর্শিদাবাদে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
অন্যদিকে ভোরের দিকে জাতীয় সড়কের সদাইপুর টোল গেট ও দুবরাজপুরের হেতমপুর মোড় থেকে অবৈধ বালি বোঝাই ওভারলোডেড দু’টি ট্রাক্টর আটক করে। দু’টিই লোবা এলাকার ঘাট থেকে বালি তুলে পাচার করছিল। এক্ষেত্রেও দু’টি গাড়ির চালককে আটক করা হয়। চারটি গাড়িই স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। স্বপনবাবু বলেন, বালি পাচার রুখতে নানা কৌশলে অভিযান জারি থাকবে। 
সম্পর্কিত সংবাদ